ভারতীয় চলচ্চিত্র তার স্বর্ণ যুগের অন্যতম কিংবদন্তী দিলীপ কুমারকে মনে রাখবে তাঁর অভিনীত ‘দেবদাস’, ‘মুঘলে আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’ থেকে শুরু করে ‘মধুমতী’, ‘ক্রান্তি’, ‘শক্তি’, ‘মাশাল’-এর মতো সিনেমার জন্য।
newscopes- প্রয়াত ভারত বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার।
বুধবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
ফের নক্ষত্রপতন ভারতীয় চলচ্চিত্র জগতে। বুধবার সকালে এক দুঃসংবাদে ঘুম ভাঙল বলিউডের। প্রয়াত কিংবদন্তী দিলীপ কুমার (Dilip Kumar)। শ্বাসকষ্ট নিয়ে বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের প্রবীণ অভিনেতা।
ডাক্তার জলিল পার্কার ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মৃত্যু হয় কিংবদন্তী অভিনেতার। দিলীপ কুমারের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ কুমার। গত ৩০ জুন তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। দিন দুয়েক আগেই টুইটারে স্ত্রী সায়রা বানু জানিয়েছিলেন যে, দিলীপ কুমারের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। অনুরাগীরাও আশায় ছিলেন যে এবারও হয়তো অসুস্থতাকে হারিয়ে ফিরে আসবেন অভিনেতা। তবে শেষরক্ষা আর হল না।
১৯২২ সালের ১১ ডিসেম্বর ব্রিটিশ ইন্ডিয়ার পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। তখন তাঁর নাম ছিল মহম্মদ ইউসুফ খান। তাঁর বাবা পেশায় ফল ব্যবসায়ী ছিলেন। পরে পেশোয়ার থেকে পুণেতে চলে আসেন দিলীপ কুমার। চল্লিশের দশকে বলিউডে পা রাখেন এই কিংবদন্তী অভিনেতা। ১৯৬৬ সালে অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহ সুত্রে আবদ্ধ হন তিনি।
তিনি তার অভিনয় জীবন জুড়ে অনেক পুরস্কার পেয়েছেন ৮ বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার সহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন।
তিনি ১৯৯৩ সাল থেকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত হন এবং ২৫ জানুয়ারি ২০১৫ তে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ দেওয়ার ঘোষণা করে। আর তা ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখে তার জন্মদিন উপলক্ষে তাকে প্রদান করা হয়।
ভারতীয় চলচ্চিত্র তার স্বর্ণ যুগের অন্যতম কিংবদন্তী দিলীপ কুমারকে মনে রাখবে তাঁর অভিনীত ‘দেবদাস’, ‘মুঘলে আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’ থেকে শুরু করে ‘মধুমতী’, ‘ক্রান্তি’, ‘শক্তি’, ‘মাশাল’-এর মতো সিনেমার জন্য।
সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জ্ঞাপন করেছেন অক্ষয় কুমার, মনোজ বাজপেয়ী, সোনু সুদ, এষা দেওল, পরিচালক হনসল মেহেতা, সুভাষ ঘাই, মধুর ভাণ্ডারকর-সহ আরও অনেকে।
We hate spam as much as you do