Tranding

06:54 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / দমদমে RGKar নির্যাতিতার স্মরণে তিলোত্তমা টোটো স্ট্যান্ড তৈরি নিয়ে হুলস্থুল

দমদমে RGKar নির্যাতিতার স্মরণে তিলোত্তমা টোটো স্ট্যান্ড তৈরি নিয়ে হুলস্থুল

অটো চালকদের বক্তব্য, এখানে টোটো স্ট্যান্ড হলে তাঁদের যাত্রী কমে যাবে। তাঁদের রুটি রুজিতে টান পড়বে। পাশাপাশি মহিলারাও এই টোটো স্ট্যান্ড চালু করার ব্যাপারে অনড়।

দমদমে RGKar নির্যাতিতার স্মরণে তিলোত্তমা টোটো স্ট্যান্ড তৈরি নিয়ে  হুলস্থুল

দমদমে RGKar নির্যাতিতার স্মরণে তিলোত্তমা টোটো স্ট্যান্ড তৈরি নিয়ে হুলস্থুল
 

11th Sep 2024 


 আরজি কর কাণ্ডের পর তিলোত্তমা নাম দিয়ে দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়া মিনি বাস স্ট্যান্ডের একটি জায়গায় একটি টোটো স্ট্যান্ড করতে চাইছিল মহিলারা। বুধবার সকালে সেই টোটো স্ট্যান্ডের উদ্বোধন হওয়ার কথা ছিল। তার আগে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবস্থা সামাল দেয়। 

গোড়াবাজার-নাগেরবাজার স্ট্যান্ডের অটো চালকরা এই টোটো স্ট্যান্ডের বিরোধিতা করেন। এই অটো স্ট্যান্ডও আইএনটিটিইউসি দ্বারা পরিচালিত। অটো চালকদের বক্তব্য, এখানে টোটো স্ট্যান্ড হলে তাঁদের যাত্রী কমে যাবে। তাঁদের রুটি রুজিতে টান পড়বে। পাশাপাশি মহিলারাও এই টোটো স্ট্যান্ড চালু করার ব্যাপারে অনড়।


মহিলা টোটো চালকরা জানান, এর আগে দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংয়ের কাছে বিষয়টি নিয়ে যাওয়া হয়েছিল। চেয়ারম্যান তখন অনুমতি দেননি। কিন্তু কেন এখানে টোটো স্ট্যান্ড করা যাবে না তারও কোন সদুত্তর মেলেনি। তাঁরা বলেন, "অথচ আশ্চর্যের বিষয় যেখান থেকে গোড়াবাজার-নাগেরবাজার রুটের অটো ছাড়ে সেটি রেলের জমির উপরে। অর্থাৎ সেটিও বেআইনি।"

এদিন এই টোটো স্ট্যান্ডের উদ্বোধন করতে এসেছিলেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "যেভাবেই হোক এখানে মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড হবেই এবং মহিলারা নিজেরাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেবেন।" তবে এই তিলোত্তমা টোটো স্ট্যান্ডের পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

Your Opinion

We hate spam as much as you do