Tranding

12:05 AM - 18 Jun 2026

Home / Politics / প্রাক্তন দাপুটে মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার, নিয়ে যাওয়া হবে উত্তরবঙ্গে

প্রাক্তন দাপুটে মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার, নিয়ে যাওয়া হবে উত্তরবঙ্গে

পুলিশের দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহার জেলায় সংঘটিত ভোট-পরবর্তী হিংসার একাধিক অভিযোগের তদন্ত চলছিল । সেই তদন্তে উদয়ন গুহের নাম উঠে আসায় তাঁর বিরুদ্ধে এবার পদক্ষেপ করা হল । তদন্তকারী সংস্থার মতে, নির্বাচনের পর ঘটা কয়েকটি হিংসাত্মক ঘটনার সঙ্গে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে

প্রাক্তন দাপুটে মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার, নিয়ে যাওয়া হবে উত্তরবঙ্গে

প্রাক্তন দাপুটে মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার, নিয়ে যাওয়া হবে উত্তরবঙ্গে

 June 17, 2026 


গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ ৷ পুরনো একটি মামলায় বুধবার তাঁকে কলকাতা থেকে গ্রেফতার করে কোচবিহার থানার পুলিশ ৷ একসময়ে তৃণমূলের দাপুটে নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নকে এদিন ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় ৷ তাঁকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷


দীর্ঘদিনের একটি মামলার তদন্তের সূত্র ধরে বুধবার কলকাতার ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করে কোচবিহার থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাগান থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে ।

পুলিশের দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহার জেলায় সংঘটিত ভোট-পরবর্তী হিংসার একাধিক অভিযোগের তদন্ত চলছিল । সেই তদন্তে উদয়ন গুহের নাম উঠে আসায় তাঁর বিরুদ্ধে এবার পদক্ষেপ করা হল । তদন্তকারী সংস্থার মতে, নির্বাচনের পর ঘটা কয়েকটি হিংসাত্মক ঘটনার সঙ্গে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।


উল্লেখ্য, উদয়ন গুহ দীর্ঘদিন ধরে কোচবিহারের দিনহাটা কেন্দ্রের রাজনীতিতে অন্যতম পরিচিত মুখ । তিনি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন । ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে হেরে যাওয়ার পর থেকেই তিনি কোচবিহার ছেড়ে কলকাতায় চলে আসেন ৷ তার পর থেকে তিনি কলকাতাতেই ছিলেন বলে জানা গিয়েছে ৷ রাজনৈতিক মহলে তাঁর গ্রেফতারিকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে ।


পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ভোট-পরবর্তী হিংসার অভিযোগ ছাড়াও উদয়ন গুহের বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তও বিভিন্ন স্তরে চলছে । যদিও বর্তমান গ্রেফতারির সঙ্গে সেই মামলাগুলির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি ।


অন্যদিকে, গ্রেফতারের পর উদয়ন গুহ পুলিশি পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন । ফুলবাগান থানায় নিয়ে যাওয়ার পর তিনি দাবি করেন, যে মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় তিনি পূর্বেই আগাম জামিন নিয়েছিলেন । তাঁর অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে অনৈতিক ও বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে । সূত্রের খবর, তিনি বিষয়টি আইনি পথে চ্যালেঞ্জ করবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ৷


কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকেও তদন্তের স্বার্থে বিস্তারিত মন্তব্য করা হয়নি । তবে তদন্তকারী কর্মকর্তাদের বক্তব্য, মামলার নথি ও প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে । আগামী দিনে জিজ্ঞাসাবাদ এবং আদালতে পেশের পর মামলার তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের ।

Your Opinion

We hate spam as much as you do