বৃক্ষছেদন থেমে নেই। সম্প্রতি বাগুইহাটির কাছে (নির্মল-মীরা ভবনের পিছন দিকে) ওই ভিআইপি রোডেই দেখা গেল রাতের অন্ধকারে কে বা কারা বেশ কিছু নবীন গাছকে দানবীয় বীভৎসায় কোতল করে গেছে।
ভিআইপি রোড জুড়ে অব্যাহত বৃক্ষ নিধন - বিজ্ঞান মঞ্চের প্রতিবাদ
24NOV 2023
বেশ কয়েক বছর আগে ভিআইপি রোডের দু'পাশে বেড়ে ওঠা অতিকায় সব গাছগুলি কি এক অজ্ঞাত কারনে হঠাৎই মারা যাওয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল ভিআইপি রোড। বিশেষজ্ঞরা একরকম নিশ্চিত ছিলেন গাছগুলির গোড়ায় বিষাক্ত রাসায়নিক প্রয়োগের কারনেই সেদিন সেগুলির মৃত্যু ঘটেছিল। আর গাছগুলোকে গোপনে এমন নির্মম ভাবে হত্যা করা হয়েছিল সম্ভবত রাস্তার ধারে গড়ে ওঠা একাধিক কর্পোরেট শো রুমের দৃশ্যমানতার পথে বাধা দূর করার অসৎ উদ্দেশ্যেই। সে আলোচনা কালের গর্ভে থিতিয়ে গেলেও গাছগুলির পল্লবহীন জরাজীর্ণ কঙ্কাল আজও বৃক্ষহননের করুন ইতিহাস মনে করিয়ে দিতে দাঁড়িয়ে আছে পথের দু' ধারে।
কিন্তু বৃক্ষছেদন থেমে নেই। সম্প্রতি বাগুইহাটির কাছে (নির্মল-মীরা ভবনের পিছন দিকে) ওই ভিআইপি রোডেই দেখা গেল রাতের অন্ধকারে কে বা কারা বেশ কিছু নবীন গাছকে দানবীয় বীভৎসায় কোতল করে গেছে।
খবর পেয়েই সেখানে ছুটে যায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজারহাট-নিউটাউন অঞ্চলের জেবিএস হলডেন কেন্দ্রের পরিবেশ যোদ্ধারা। কেন্দ্রের সম্পাদক ও বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগণা জেলার সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য তাপস রায়ের নেতৃত্বে গতকাল সংশ্লিষ্ট কেন্দ্রের পক্ষ থেকে বাগুইহাটি থানার আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ ক'রে সমগ্র বিষয়টি সম্পর্কে তাঁকে অবহিত করা হয় এবং ওই থানায় লিখিত অভিযোগ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি বিধানের দাবি জানানো হয়।
বাগুইহাটি থানার আধিকারিক সঙ্গে সঙ্গেই ওই অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে ক্লোজ সার্কিট ক্যামেরার তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন এবং তার ভিত্তিতে দ্রুত বৃক্ষহন্তারকদের চিহ্নিত ক'রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বিজ্ঞান মঞ্চের বক্তব্য অবিলম্বে প্রশাসন এহেন দুষ্কর্ম রোধে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করুন এবং দ্রুত ব্যবস্থা নিন। সেই সঙ্গে তাদের দাবি ওই জায়গায় দ্রুত নতুন ক'রে সমমানের গাছ লাগানোরও উদ্যোগ নিতে হবে প্রশাসনকে। অন্যথায় বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সম্ভাবনার কথা বলা হয়।
We hate spam as much as you do