Tranding

10:12 AM - 04 Feb 2026

Home / National / ৩৭০ প্রত‍্যাহার বৈধ তবে জম্মু-কাশ্মীরে ৯ মাসের মধ্যে ভোট চাই , সুপ্রিম কোর্টের নির্দেশ নির্বাচন কমিশনকে

৩৭০ প্রত‍্যাহার বৈধ তবে জম্মু-কাশ্মীরে ৯ মাসের মধ্যে ভোট চাই , সুপ্রিম কোর্টের নির্দেশ নির্বাচন কমিশনকে

ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যের তুলনায় জম্মু ও কাশ্মীরের পৃথক সার্বভৌমত্ব নেই। এই প্রশ্ন উঠেছে যে, ভারতীয় যুক্তরাষ্ট্রে সামিল হওয়ার পরেও জম্মু ও কাশ্মীরের সার্বভৌমত্ব ছিল না। সুপ্রিম কোর্টের বক্তব্য, না ছিল না।

৩৭০ প্রত‍্যাহার বৈধ তবে জম্মু-কাশ্মীরে ৯ মাসের মধ্যে ভোট চাই , সুপ্রিম কোর্টের নির্দেশ নির্বাচন কমিশনকে

৩৭০ প্রত‍্যাহার বৈধ তবে জম্মু-কাশ্মীরে ৯ মাসের মধ্যে ভোট চাই , সুপ্রিম কোর্টের নির্দেশ নির্বাচন কমিশনকে 


 11th December 2023 


 জম্মু ও কাশ্মীরে আগামী বছর সেপ্টেম্বর মাসের মধ্যে ভোট করানোর ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উপত্যকায় এখন রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, ৯ মাসের মধ্যে জম্মু এবং কাশ্মীর এই দুই জায়গাতেই নির্বাচন করাতে হবে।  


জম্মু কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ নম্বর ধারা প্রত্যাহারের কেন্দ্রের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সর্বোচ্চ আদালতের সংবিধান বেঞ্চে। চার বছর বাদে সোমবার ওই মামলার রায় ঘোষণা করতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান জম্মু ও কাশ্মীর ভারতীয় যুক্তরাষ্ট্রে সামিল হওয়ার পর তার আর সার্বভৌমত্ব ছিল না। সুপ্রিম কোর্ট বলেছেন উপত্যকায় সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগ করে যে ব্যবস্থা ছিল তা একেবারেই অস্থায়ী। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল না। 

বিচারপতি গাওয়াই, বিচারপতি সূর্য কান্ত ও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর ভারতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার সার্বভৌমত্ব চলে যায়। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় তার পৃথক ভাবে কোনও সার্বভৌমত্ব ছিল না। যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তা ছিল একেবারেই অস্থায়ী ব্যবস্থা। তাই সেই ধারার প্রয়োগ বাতিল করার অধিকার দেশের রাষ্ট্রপতির রয়েছে।      


চূড়ান্ত রায় ঘোষণা করতে গিয়ে সুপ্রিম কোর্ট এদিন যা বলেছে—
•    যুদ্ধ পরিস্থিতির কারণে জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগ করা হয়েছিল। তা ছিল অস্থায়ী ব্যবস্থা। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল না। 
•    ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যের তুলনায় জম্মু ও কাশ্মীরের পৃথক সার্বভৌমত্ব নেই। এই প্রশ্ন উঠেছে যে, ভারতীয় যুক্তরাষ্ট্রে সামিল হওয়ার পরেও জম্মু ও কাশ্মীরের সার্বভৌমত্ব ছিল না। সুপ্রিম কোর্টের বক্তব্য, না ছিল না। 
•    জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা থাকবে কি থাকবে না সে ব্যাপারে দেশের রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিয়েছেন, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কোনও আবেদন নিয়ে শুনানি চালাতে পারে না। 
•    সংবিধানের ৩৭০ (১)(ডি) ধারা প্রয়োগ করে ভারতের সংবিধানের সমস্ত ধারা জম্মু ও কাশ্মীরে প্রয়োগ করা যাবে। এ ব্যাপারে দেশের রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিয়েছেন তা বহাল থাকবে। প্রসঙ্গত, এর আগে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বহাল থাকায় ভারতীয় সংবিধানের সব ধারা সেখানে প্রয়োগ করা যেত না। 
•    জম্মু কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের জন্য সব রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল না। 
•    জম্মু ও কাশ্মীরে ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে রাষ্ট্রপতি শাসন চলছে। সে ব্যাপারে কোনও হস্তক্ষেপ করতেই রাজি হয়নি সুপ্রিম কোর্ট। 
•    সংবিধানের ৩৫৬ ধারা মোতাবেক জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগ করা হলে কেন্দ্রকে অনেক সিদ্ধান্ত নিতে হয়। সব সিদ্ধান্তকেই আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। জম্মু-কাশ্মীরে ৯ মাসের মধ্যে ভোট করাতে হবে। অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে।

জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে পৃথক করে সেটিকে একটি কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সংসদে সেই প্রস্তাব দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থনে পাশ করানোর পর রাষ্ট্রপতি তাতে অনুমোদন দিয়েছেন। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, লাদাখকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে গড়ে তোলার পদক্ষেপও ছিল বৈধ।


প্রধান  বিচারপতির নেতৃত্বে সংবিধান বেঞ্চ এও জানিয়ে দিয়েছে যে, যেহেতু জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারার প্রয়োগ বাতিল করা হয়েছে এবং সে জন্য সংবিধান সংশোধন করে ৩৭০(১)(ডি) ধারা তৈরি হয়েছে, তাই এবার দেশের সংবিধানের সমস্ত ধারা জম্মু ও কাশ্মীরে প্রয়োগ করা যাবে।

Your Opinion

We hate spam as much as you do