"যুদ্ধ কই ভাই?ওই দ্যাখ,আকাশ জুড়ে ওই পাখি উড়ে যায়,ফিরে আসে কতো.....!"আবার কপালে চুমু খায়,বলে "আমার ভাইয়ের মুখে যুদ্ধের ছায়া যেনো না পড়ে কক্ষনো !"
দুটি প্রাণ,একটি সঞ্চারী।
শাম্ব
১
যুদ্ধ শেষ।কুটিরের বাইরে এসে দাঁড়িয়েছে তুতুল আর শ্যামা।ঘাস আর জংলার ছায়া থেকে ওদের উঠে আসতে দেখে মনে হয় ভোরের প্রথম ফোটা ফুল।কালো ধোঁয়া আরও কিছু কেটে গেলে আকাশের বুক ব্যাপী পাখি উড়ে আসবে,দূরে...।ওপার থেকেও ফিরে যাবে কতো কতো ঝাঁক।বায়ুস্রোতের সাথে ওদের আলাপ পরিচয়।যুদ্ধের কথা ওরা কোনোদিন ভেবেও দেখেনি।
২
"যুদ্ধ শেষ কবে,দিদি?"তুতুলের প্রশ্ন অবোধ। সরল। যুদ্ধ ভারি পাথর। সরলতা বায়ুর দোসর। শ্যামা জানে,এখানে আলোক বিন্দু নেই। উত্তর মৃত।তারা ছাড়া কেউ নেই আর। তাই নিশ্চুপে ভাইয়ের নরম দু'হাতে টিপে বলে,
"যুদ্ধ কই ভাই?ওই দ্যাখ,আকাশ জুড়ে ওই পাখি উড়ে যায়,ফিরে আসে কতো.....!"আবার কপালে চুমু খায়,বলে "আমার ভাইয়ের মুখে যুদ্ধের ছায়া যেনো না পড়ে কক্ষনো !"
৩
তবুও যুদ্ধ শুরু হয়। হীন অন্ধকারে বারুদের স্তুপে পোঁতা সেনার পতাকা দেখে মনে হয়,আগুন কিছুই নেই,শুধু পড়ে আছে দখলের ছাই।আকাশের বুক কতো ছোটো লাগে। গুল্মের ছায়া জুড়ে ঘুমোয় একটি বাড়ির আদি কণা।শুধু দুটি প্রান আর একটি সঞ্চারী জাগে...
তুতুল প্রশ্ন করে,"কাদের যুদ্ধ দিদি?"
শ্যামা বলে "ওই যে,শেয়াল আর নেকড়ের"
"কিসের যুদ্ধ?"
"মাংসের"
"কার জিত? কার হার?"
"জানিনা রে ভাই।তুই আর আমি কিন্ত ওই উড়ে আসা উড়ে যাওয়া পাখিদের দলে"
We hate spam as much as you do