এই নিয়ে ইউরোয় প্যাট্রিক শিকের ৫ গোল হল। ইউরোয় দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসাবে কিংবদন্তি চেক ফুটবলার বারোসের সঙ্গে এক বন্ধনীতে এলেন শিক
EURO 2020: সেমিফাইনালে ডেনমার্ক -- ২-১ গোলে চেক রিপাবলিককে হারিয়ে
ডেনমার্ক ২ (ডেলানে, ডোলবার্গ) চেক রিপাবলিক ১ (প্যাট্রিক শিক)
ইউরোতে শোধ তুলল ডেনমার্ক। শনিবার আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে আয়োজিত এ বারের ইউরোর কোয়ার্টার ফাইনালের খেলায় চেক রিপাবলিককে ২-১ গোলে হারাল তারা।
এই নিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে তিন বার সাক্ষাৎ হল ডেনমার্ক আর চেক রিপাবলিকের। ইউরোয় ২০০৪ এ ড্যানিশদের সঙ্গে চেকদের শেষ দেখা হয়েছিল। তার পর দীর্ঘ ১৭ বছর পর আবার সাক্ষাৎ।
প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গেল ড্যানিশরা।
এ দিন খেলার শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ড্যানিশরা। ৩ মিনিটে একটি ফ্রি কিক পায় তারা। সেটা কাজে লাগাতে না পারলেও ২ মিনিট পরেই পাওয়া কর্নারের সদ্ব্যবহার করে ডেনমার্ক। স্ট্রিগারের ইনসুইং কর্নার কিক পেনাল্টি স্পটের কাছেই পেয়ে যায় থমাস ডেলানেকে। ডেলানের হেড এক বার বাউন্স খেয়ে গোলের দক্ষিণ কোণ দিয়ে চেকদের জালে জড়িয়ে যায়।
এর পরেই যেন তেড়েফুঁড়ে ওঠে চেকরা। ড্যানিশদের ওপর আক্রমণ শানাতে থাকে। কিন্তু কাজের কাজ হয়নি। ম্যাচের ১২ মিনিটে গোল শোধ করার সুযোগ পেয়েছিল চেকরা। কিন্তু প্যাট্রিক শিকের শট ডেনমার্কের রক্ষণভাগের খেলোয়াড়রা আটকে দেন। ২ মিনিট পরে আবার সুযোগ আসে চেকদের। কিন্তু সউচেকের ফ্রি কিক থেকে পাস পেয়ে বল ড্যানিশদের ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন সেভচিক।
২২ মিনিটে হোলসের শট বাঁচান ডেনমার্কের সতর্ক গোলকিপার শ্মাইশেল। তার পরও একাধিক কর্নার পায় চেক। ৩৫ মিনিটে ফের ড্যানিশদের গোল লক্ষ্য করে শট নেন হোলস। সতর্ক গোলকিপার ফের বাঁচিয়ে দেন।
৩৮ মিনিটে সুযোগ আসে ড্যানিশদের। কিন্তু ডামসগার্ডের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন চেক গোলকিপার ভ্যাসলিক। ৪ মিনিট পরে আবার সুযোগ। এ বার সেই সুযোগ কাজে লাগায় ডেনমার্ক। মাহলের ডান পায়ের লম্বা শট ব্রেথওয়েট কবজা করতে না পারলেও সেই বল পেয়ে যান কাসপার ডোলবার্গ। গোলের একেবারে কাছ থেকে ডোলবার্গের দুরন্ত গতির শট পরাস্ত করে চেক গোলকিপারকে।
এই নিয়ে ইউরোয় ৩টে গোল হল ডোলবার্গের। আর একটা গোল করতে পারলে ইউরোর চূড়ান্ত পর্যায়ে ড্যানিশদের মধ্যে সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করবেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার আক্রমণে ঝাঁপায় চেক। ম্যাচের ৪৯ মিনিটে ডান দিক থেকে কৌফলের শট ড্যানিশ গোল লক্ষ্য করে ছুটছিল। দলকে বাঁচানোর জন্য বলে পা ছুঁইয়ে দেন এক ড্যানিশ ডিফেন্ডার। বল চলে যায় দক্ষিণের কোণে দাঁড়িয়ে থাকা প্যাট্রিক শিকের কাছে। তিনি গোল করতে কোনো ভুল করেননি।
এই নিয়ে ইউরোয় প্যাট্রিক শিকের ৫ গোল হল। ইউরোয় দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসাবে কিংবদন্তি চেক ফুটবলার বারোসের সঙ্গে এক বন্ধনীতে এলেন শিক।
শিকের ব্যক্তিগত সম্মান বাড়লেও ইউরোয় চেক রিপাবলিকের অভিযান এ বারের মতো শেষ হল। ম্যাচের নির্ধারিত সময়ে দুই দলই দু’টি লক্ষ্য নিয়ে খেলে গেল – ডেনমার্কের লক্ষ্য ছিল ব্যবধান বাড়ানো, আর চেকের লক্ষ্য ছিল আরও একটা গোল শোধ করে অন্তত পক্ষে খেলাটা অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া। কোনো লক্ষ্যই পূরণ হল না। ডেনমার্ক শেষ পর্যন্ত জিতল ২-১ গোলে।
এরপর ডেনমার্ক খেলবে ইংল্যান্ডের সাথে।
We hate spam as much as you do