বইমেলায় স্টল দিতে দেওয়া হচ্ছে না বলে গিল্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল এপিডিআর। প্রতি বছর কলকাতা বইমেলায় তাদের স্টল থাকে। কেন এ বার সেই অনুমতি দেওয়া হল না, প্রশ্ন তুলেছিল মানবাধিকার সংগঠনটি। তাদের অভিযোগ ছিল, বইমেলায় স্টল বণ্টনে স্বচ্ছতা দেখাচ্ছে না গিল্ড। শুক্রবার হাই কোর্টে সেই মামলার শুনানি ছিল।
শাসক সমালোচক APDR স্টল পাবে না বইমেলায়, হাইকোর্টে আবেদন খারিজ
January 10, 2025
কলকাতা বইমেলায় এ বছর স্টল পাচ্ছে না গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে তাদের করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। ওই মামলা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। ফলে এ বছর বইমেলায় এপিডিআরের স্টল থাকছে না।
বইমেলায় স্টল দিতে দেওয়া হচ্ছে না বলে গিল্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল এপিডিআর। প্রতি বছর কলকাতা বইমেলায় তাদের স্টল থাকে। কেন এ বার সেই অনুমতি দেওয়া হল না, প্রশ্ন তুলেছিল মানবাধিকার সংগঠনটি। তাদের অভিযোগ ছিল, বইমেলায় স্টল বণ্টনে স্বচ্ছতা দেখাচ্ছে না গিল্ড। শুক্রবার হাই কোর্টে সেই মামলার শুনানি ছিল।
গিল্ড কর্তৃপক্ষ জানান সঠিক সময়ে এপিডিআর সংগঠন তাদের লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা দেয়নি। তাই তাদের এ বছর দেওয়া সম্ভব না।
গিল্ডের দাবি উড়িয়ে দেয়নি এপিডিআর। আদালতে তারা জানায়, তাদের কোনও লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। এর পরেই তাদের আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট।
উচ্চ আদালতের পর্যবেক্ষণ, গিল্ড কোনও সরকারি কাজ করছে না। এটি একটি বেসরকারি সংস্থা। ফলে গিল্ডের বিরুদ্ধে এই মামলার গ্রহণযোগ্যতা নেই। এপিডিআরকে আদালত কোনও স্বস্তি দিতে পারছে না বলে জানান বিচারপতি সিংহ। তবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এই সংগঠন বইমেলায় স্টলের জন্য আবেদন করতে পারে।
এপিডিআর আটের দশক থেকে ময়দানের বইমেলায় স্টল দিচ্ছে। প্রথমে কয়েকবছর ছাতা খাটিয়ে টেবিল দিত, তারপরে ছাউনি দেওয়া স্টল। স্টল সেজে উঠত এপিডিআর কর্মীদের লেখা পোস্টারে। গিল্ড কর্তাদের আপত্তি আসলে এই পোস্টারেই।
প্রসঙ্গত, চলতি বছর ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। এবারের বইমেলায় অনিশ্চিত বাংলাদেশ। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক না হলে বাংলাদেশের পক্ষে আসা সম্ভব নয়, এমনই জানিয়েছেন গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। তাঁর আরও স্পষ্ট মন্তব্য, কেন্দ্র সরকার যদি এই নিয়ে কোনও নির্দেশ না দেয়, তাহলে বাংলাদেশকে অংশগ্রহণ করতে বলার প্রশ্নই উঠে না। তবে বাংলাদেশ প্যাভিলিয়নের জায়গা ফাঁকা পড়ে থাকবে না।
চলতি বইমেলায় বাংলাদেশের নাম দেশের তালিকায় না থাকায় গিল্ডের সমালোচনা করেছিল এপিডিআর। তাদের অভিযোগ, বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে সমালোচনা সহ্য হয়নি তাদের। তাই এপিডিআরকে জায়গা দেয়নি গিল্ড।
We hate spam as much as you do