ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে বুধবার আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম সংস্কারের পর নতুন করে উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ
ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে বুধবার আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম সংস্কারের পর নতুন করে উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই রাজনীতির তুমুল তরজা শুরু হয়ে যায়। ঝড় ওঠে সোশাল মিডিয়ায়। পক্ষে-বিপক্ষে এত যুক্তি, তর্কের কারণ হল নবরূপে উদ্বোধিত স্টেডিয়ামের নাম বদল। রাষ্ট্রপতির ঘোষণায় 'সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম' হলো 'নরেন্দ্র মোদি স্টেডিয়াম'। ঠিক তারপরেই স্টেডিয়াম নিয়ে রাজনীতি, নির্লজ্জ আত্মপ্রচারের অভিযোগ তুলে বিরোধীরা সোচ্চার হয়। টুইট পাল্টা টুইটের বন্যা বয়ে যায়। মিম আর ব্যঙ্গাত্মক লেখায়, কমেণ্টে বাদানুবাদ চলে। নাম বদলে দেওয়ায় ব্যাপক সমালোচনার জেরে গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল বিষয়টির ব্যাখ্যা উপস্থিত করেন।
স্টেডিয়ামটির নতুন নামকরণ করে 'নরেন্দ্র মোদী স্টেডিয়াম' করা হয়েছে, যদিও পুরো কমপ্লেক্সটির নাম এখনও সরদার প্যাটেল স্টেডিয়ামই আছে। এই স্টেডিয়ামটি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ) এর মালিকানাধীন এবং এটি সর্বদা মোতেরা স্টেডিয়াম হিসাবে পরিচিত ছিল। তাই এখন এটির নামকরণের প্রশ্নই আসে না। পুরানো স্টেডিয়ামটি ভেঙে ফেলার ধারণাটি প্রথমে নরেন্দ্র মোদীই দিয়েছিলেন যখন তিনি জিসিএ সভাপতি ছিলেন। নরেন্দ্র মোদী স্টেডিয়াম সরদার প্যাটেল কমপ্লেক্সের একটি অঙ্গ, বিরোধীদের সমালোচনার জবাবে নিতিন প্যাটেল জানান।
যদিও গুজরাট সরকারের এই ব্যাখ্যা বিরোধীরা মানতে রাজি নন। তাঁদের বক্তব্য সারা দেশে সমালোচনার ঝড় ওঠায় মুখ বাঁচাতে ছলনার আশ্রয় নেওয়া হয়েছে। রাহুল গান্ধী টুইট করেছেন "হাম দো হামারা দো"। তিনি বলেন, সত্য কি সুন্দর ভাবে প্রকাশিত হয়েছে এখানে। স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম আর স্টেডিয়ামের দুই প্রান্তের নাম আদানি প্রান্ত ও রিলায়েন্স প্রান্ত। আর ক্রিকেট প্রশাসনের কর্তা শাহ পুত্র জয় শাহ। প্রসঙ্গত উল্লেখ্য বিরোধীরা অনেকদিন ধরেই প্রধানমন্ত্রীর করপোরেট প্রেমের অভিযোগ করে আসছে। কৃষি আইন, শ্রম আইন, বেপরোয়া রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের ফলে এই দুই গোষ্ঠীর লাভ সর্বোচ্চ হবে বলে বিরোধীদের অভিযোগ। উল্টোদিকে বিজেপির তরফে বলা হচ্ছে নেহেরু, রাজীব গান্ধীর নামেও দেশে প্রচুর কিছুর নামকরণ করা হয়েছিল।
নেট দুনিয়ায় ঠাট্টা, হাসির ফোয়ারা। কি নির্লজ্জ সত্যের অসাধারণ প্রকাশ! আম্বানি প্রান্ত থেকে বল করছেন ঈশান্ত অথবা আদানি প্রান্ত থেকে দৌড় শুরু করেছেন অশ্বিন। এক বাম নেতার কথায়, বিজেপির সৌজন্যে দেশ তো এখন করপোরেটের, ওরাই প্রভু দেশবাসীর। তবে সাবধান, বিরোধীতা করলেই দেশদ্রোহী হয়ে যাবেন। এসবই স্বৈরাচারের লক্ষ্মণ। কেউ কেউ প্রশ্ন করেন এরপর লকডাউনে আর্থিক বিপর্যয়ের পরেও প্রধানমন্ত্রীর ভাবনা অনুযায়ী নতুন যে সংসদ ভবন, সেন্ট্রাল ভিস্টা তৈরি হচ্ছে তার নামকরণ কি সেই একই ব্যক্তির নামে হবে! মূর্তি বসবে কি দ্বারে!
টুইটারে অনেকে ইতিহাস উদ্ধৃত করে বলেছেন ১৯৩৩ সালে স্টুটগার্টের ফুটবল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নিজের নামেই রেখেছিলেন হিটলার, 'এডল্ফ হিটলার কাম্ফবাহন'। এখন তার নাম 'মর্সিডিজ-বেনজ এরেনা'। ১৯৮০ সালে সাদ্দাম হুসেইন ইরাকের সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখেন 'সাদ্দাম হুসেইন জিমনাসিয়াম'। এখন তার নাম 'বাগদাদ জিমনাসিয়াম'।
ভবিষ্যত দেখবে, মোতেরা স্টেডিয়ামের আজকের নাম চিরস্থায়ী হবে নাকি জার্মানি, ইরাকের মতো একদিন বদলে যাবে।
Mercedes-Benz Arena এই স্টেডিয়ামটি আগে হিটলারের নামে ছিল, Adolf-Hitler-Kampfbahn(1933)
We hate spam as much as you do