কোন রাজনৈতিক দল কোথায় দাঁড়িয়ে এবার ত্রিপুরার বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৪২ টিতে প্রার্থী দিয়েছে তিপ্রা মোথা। তার মধ্যে ২০ টি আসনই হল উপজাতি সংরক্ষিত। এই ২০ টি আসনের মধ্যে অধিক সংখ্যক আসন জয়ের আশা করছে তিপ্রা মোথা।
ত্রিপুরায় এবার 'বাম-কং', টিপ্রা বনাম বিজেপি টক্কর! তৃণমূল কিছু না
February 4, 2023
ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী। ভোটের আগে থেকেই অনেত রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ভোটের পরে কিং মেকার হয়ে উঠতে পারে তিপ্রা মোথা। তারা রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি। আর শাসক বিজেপি এক শক্তি এবং তাদের বিপক্ষে রয়েছে সব আসনে প্রার্থী দেওয়া বাম-কংগ্রেস।
তিপ্রা মোথার মূল দাবি হল বৃহত্তর তিপ্রাল্যান্ড। নিজেদের দাবি নিয়ে তারা বিজেপি থেকে বাম-কংগ্রেস সবার সঙ্গেই আলোচনা চালিয়েছে। শেষ পর্যন্ত বিজেপি কিংবা বাম-কংগ্রেস রাজ্যকে ভাগ করার কোনও আশ্বাস দেয়নি। ফলে প্রাক নির্বাচনী কোনও জোট হয়নি তাদের মধ্যে। তবে ভোট পরবর্তী কোনও জোটের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না তিপ্রা মোথা।
কোন রাজনৈতিক দল কোথায় দাঁড়িয়ে
এবার ত্রিপুরার বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৪২ টিতে প্রার্থী দিয়েছে তিপ্রা মোথা। তার মধ্যে ২০ টি আসনই হল উপজাতি সংরক্ষিত। এই ২০ টি আসনের মধ্যে অধিক সংখ্যক আসন জয়ের আশা করছে তিপ্রা মোথা।
অন্যদিকে বিজেপি ৬০ টির মধ্যে ৫৫টি আসনে তাদের প্রার্থী দিয়েছে। আর জোটসঙ্গী আইপিএফটির জন্য ছেড়েছে ৫ টি আসন। যদিও ২০১৮-র নির্বাচনে জোটসঙ্গী আইপিএফটি জয়ী হয়েছিল ৮ টি আসনে। অন্যদিকে বিজেপি যে ৩৬ টি আসনে জয়ী হয়েছিল তার মধ্যে ১০ টি ছিল উপজাতি সংরক্ষিত। তবে এবার গোমতী জেলার আম্পিনগর আসনটিতে বিজেপি ও আইপিএফটির মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে চলেছে। কেননা আইপিএফটি মোট ৬ টি আসনে প্রার্থী দিয়েছে। একসময়ে বামেদের উপজাতি ভোটব্যাঙ্কে ভাঙন ধরানো আইপিএফটি বর্তমানে ত্রিপুরায় ক্ষয়িষ্ণু শক্তি।
বামেরা ৬০ টি আসনের মধ্যে প্রার্থী দিয়েছে ৪৬ টি আসনে। একটি আসনে তারা নির্দলকে সমর্থন করছে। অন্যদিকে ১৩ টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। প্রথমের দিকে আসন ভাগাভাগি নিয়ে বাম-কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি হলেও, পরে তারা সমস্যার সমাধান করে। অন্যদিকে তিপ্রা মোথাও বাম-কংগ্রেসকে বিধানসভা নির্বাচনে কৌশলগত সমর্থন করার কথা বলেছে। তৃণমূল ত্রিপুরায় মাত্র ২৮ টি আসনে প্রার্থী দিয়েছে।
ত্রিপুরায় ২০২১-এ সেখানকার উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ব্যাপক ফল করে তিপ্রা মোথা। ৩০ টি আসনের মধ্যে যে ২৮ টি আসনে নির্বাচন হয়, তার মধ্যে ১৮ টি আসনে জয়লাভ করে তারা। তবে এই স্বশাসিত জেলা পরিষদেই তার আগের নির্বাচনে সিপিআইএম পেয়েছিল ২৫ টি আসন। প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন স্বশাসিত জেলা পরিষদের ২ আসনে প্রার্থী মনোনীত করেন রাজ্যপাল। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তিপ্রা মোথা পৃথক রাজ্যের দাবিকে সামনে রাখার কারণেই তাদের এত জনপ্রিয়তা। কেননা ত্রিপুরার উপজাতিরা এখনও পূর্বতন রাজপরিবারকে শ্রদ্ধা করেন।
২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পরেই তৃণমূল নতুন করে ত্রিপুরায় সংগঠন বাড়ানোর দিকে হাত বাড়ায়। পুর নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতাও করে। তবে শেষ পর্যন্ত তারা ২৮ টি আসনে প্রার্থী দিতে সক্ষম হয়েছে। তৃণমূল সেখানে ব্র্যান্ড মমতাকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে সামিল হয়েছে। সিপিএম-কংগ্রেস তৃণমূলকে বিজেপির সহায়তাকারী হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে তিপ্রা মোথা তৃণমূলকে ত্রিপুরার কোনও রাজনৈতিক শক্তি মানতেই রাজি নয়। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় তাদের ফল ভাল হবে বলে দাবি তিপ্রা মোথার। শুধু উপজাতি অধ্যুষিত এলাকাতেই নয়, বেশ কিছু সাধারণ আসনেও তাদের ফল ভাল হবে বলে দাবি করেছে তিপ্রা মোথা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উপজাতি সংরক্ষিত আসনগুলিতে তিপ্রা মোথার ফল ভাল হবে। যে কারণে বিজেপি আগেকার ১০ আসন দখলে রাখতে পারবে না।
We hate spam as much as you do