Tranding

01:32 PM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা দেবদুলাল চট্টোপাধ‍্যায়, নির্মাল্য দাশগুপ্ত,প্রবীরকুমার ভদ্র

কবিতা দেবদুলাল চট্টোপাধ‍্যায়, নির্মাল্য দাশগুপ্ত,প্রবীরকুমার ভদ্র

তবু জীবনের শুকনো ডালে আসে সবুজ কচি কচি পাতা, দক্ষিণের সুবাতাসে পৃথিবী সাজায় তাকে। ঝরে যাওয়া বকুলও সুগন্ধ ছড়ায় দিনে রাতে।

কবিতা দেবদুলাল চট্টোপাধ‍্যায়, নির্মাল্য দাশগুপ্ত,প্রবীরকুমার ভদ্র

কবিতা
দেবদুলাল চট্টোপাধ‍্যায়
নির্মাল্য দাশগুপ্ত
প্রবীরকুমার ভদ্র

 

 

জলছবি                                     

দেবদুলাল চট্টোপাধ‍্যায়                                                         


ফিরে গেছে সবুজেরা উত্তর বায়,
সাজঘর পড়ে আছে একা!
দেওয়ালে দেওয়ালে আঁকা
 রঙিন ছবি, এলোমেলো, আবছা
কত ফুল আছে ছড়িয়ে শুকিয়ে যাওয়া! 

উৎসব--- দিনে, রাতে কত,  প্রতিযোগিতা, হারজিত;
ভালোবাসা, 
উপহার দেওয়া নেওয়া। 
বলা যা হয়নি তার ব‍্যথা
অগোচরে মনে পড়ে,
কত স্মৃতি ধূলো পড়া!


রাত জেগে পড়ি তা কখনো
জ‍্যোৎস্নায় চাঁদের গায়ে লেখা,
---জীবনের কত গল্প-উপন্যাস-কবিতা
কত কথা বলে তারা, বড় যে জীবন্ত,
কিন্ত হিমেল হাওয়ায় উড়ে যায় কোথায়;
ছেঁড়া ছেঁড়া আলগা বিবর্ণ হলুদ পাতা,
মেলানো যায়না কিছুই!

তবু জীবনের শুকনো ডালে আসে
সবুজ কচি কচি পাতা, দক্ষিণের সুবাতাসে
পৃথিবী সাজায় তাকে। ঝরে যাওয়া 
বকুলও সুগন্ধ ছড়ায় দিনে রাতে।

 

 

নৈঃশব্দের আলো 

 

নির্মাল্য দাশগুপ্ত

বহু শব্দের কোলাহল শোনা যাচ্ছে----
দুরাগামী কোনো  বাতাস ধাক্কা দিচ্ছে
দরজায় দরজায় ; বন্ধ দরজা তবু,
মনের আগল দিয়ে দেয়া আছে বিড়ম্বিত বেড়া।

সমুদ্রের আওয়াজ আসে , দিনান্তের  শেষ আলো
চোখে পড়ে ; খোলা জানালায় ঝাউয়ের ফাঁকে
দেখা যায় ঢেউ---- এখনো কি জেগে আছো
ছবিতে ছবিতে ? গলায় মালিকা,
পায়ে ফুল, ভুল শব্দে ঠেকে গেছি।

তোমায় খুঁজিনি-----মৃত্যুর পরপারে
নির্বাক চেতনা নিয়ে বসে আছি------
ধূপ পোড়ে, আলো জ্বলে নিঃশব্দ প্রহরে।

  

 

বদলের সংগ্রাম 

 

  প্রবীরকুমার ভদ্র


প্রতি মুহূর্তে জীবন বদলে যায়
বদলে বদলে যায় আমার সত্তা
আমার ভেতর লুকোনো কৌতূহল, ভরসা।

কখনো দূর আকাশে মায়াময় চাঁদের আলো
রমনীয় ছবি আঁকে। কখনো উত্তাল সাগরের অগুনতি ঢেউ তোলপাড় করে বুকের বিস্তীর্ণ প্রান্তরে,

কখনো
নিশ্চুপ বসে থাকি মেহগনির ছায়াশীতল অঙ্গনে--
বদলের স্রোতে ভাসি,টেনে আনি প্রিয় শব্দমালা।

বদলের অজস্র সোপান পেরিয়ে, আজ
অসহায় সময়ের বিক্ষুব্ধ উত্তাল পারাবারে।
দূরে, বহুদূরে পথ দেখায় উজ্জ্বল বাতিঘর
সংগ্রামেই বদল আর চলেছে বদলের সংগ্রাম।
             
________________________

 

Your Opinion

We hate spam as much as you do