Tranding

03:07 PM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা "রোদন ভরা এ বসন্ত...." ক তো টু কু দে শ - ক তো টু কু প র দে শ

কবিতা "রোদন ভরা এ বসন্ত...." ক তো টু কু দে শ - ক তো টু কু প র দে শ

পূর্ণিমা নিশির চাঁদটাও রঙিন হব ভেবেও কেমন যেন বিবর্ণ হয়ে গেল। মেঘেদের কাছে ডেকে প্রশ্ন করে "আজ কি বসন্ত?" মেঘেদের ছোট খন্ডটা, যার শৈশব কাটেনি এখনও হাই তুলে বলে "তুমি বুঝি থাকনা এ দেশে?

কবিতা  "রোদন ভরা এ বসন্ত...."  ক তো টু কু দে শ - ক তো টু কু প র দে শ

কবিতা

"রোদন ভরা এ বসন্ত...."

ক তো টু কু দে শ - ক তো টু কু প র দে শ

********

"রোদন ভরা এ বসন্ত...."

শঙ্কর ভট্টাচার্য 


পূর্ণিমা নিশির চাঁদটাও রঙিন হব ভেবেও
কেমন যেন বিবর্ণ হয়ে গেল।
মেঘেদের কাছে ডেকে প্রশ্ন করে
"আজ কি বসন্ত?"
মেঘেদের ছোট খন্ডটা, 
যার শৈশব কাটেনি এখনও 
হাই তুলে বলে
"তুমি বুঝি থাকনা এ দেশে?


বসন্তের হাওয়া বইছে দেখছ না,
আজ ফাগুনের বাস,আজ মধু মাস,
আজ তো বসন্ত। 
দাও রং,ভেসে যাই পথ ভুলে
হিল্লোল তুলে,
যতদুর যেতে চায় মন"।
ভেবেছিল বুঝি খুশী হবে চাঁদ
ঢেলে দেবে রং।


ছোট খন্ডটাকে চাঁদ বুকের কাছে নিয়ে বলে
"আজ মন ভালো নেই বাছা,
রং যদি নাই ই পাও
দিগন্ত পানে যাও ভেসে যাও।
যেতে যেতে পথে বোলো
চাঁদের আজ মন ভালো নেই।"
মন ভালো নেই,মন ভালো নেই,
কারোরই আজ মন ভালো নেই।


বলতেত চাই অনেক কথা 
বুক ভরা আজ গভীর ব্যথা।
বলব যারে শুনবে না সে
বলার মত সাধ্যটা কই?
গলার কাছে আটকে পাথর
তাই তো কারও মন ভালো নেই।
এত যে বইছে হাওয়া
নদীর জলে ওঠে না ঢেউ।
ডিঙি নৌকাটা চলেছে আপন মনে 
কোন কূলে কে জানে?
কে যেন হেঁকে বলে "কোন দিকে মাঝি?"
দাঁড়ের শব্দ তুলে মাঝি বলে "জানা নাই বাপু।"


তবুও এসেছে বসন্ত রবাহুতের মত,
তার চক্রাকার পথ ধরে।
অন্ধকারের চেয়েও কালো একদলা জমিয়ে রাখা ব্যথা,
গলার কাছে আটকে  থাকা
না বলা কত কথা।
বললে পরেই ফাইন
এ জাহান্নামের আইন।


ল্যাংড়া মকবুল আর পাঁজর বের করা 
হরিরাম কাকা
ধমক দিয়ে বলে
রাখ তোর বসন্তের ছেনালিপনা,
"যা জানতে চাই তা কি তুই জানিস?
ক্যামনে হারায়ে গেছে
আমাদের ' আনিস'।"

_______________________________


ক তো টু কু দে শ - ক তো টু কু প র দে শ

 

শা ম্ব


স্রোত'তো আসলে ব্যবধান,এখানেই।

ইতিহাস জেগে,কি আদিম প্রজ্ঞায়!
ওপারের দেশ কতোটুকু বেমানান

জলহাওয়াস্রোতে?ভজন আজানে?

পূর্বজন্ম কাঁটাতার কাঁটাতার!

এইখানে এসে,

ভাগ হয়ে গেছে ইছামতী গঙ্গায়।



মাঝে জল।কঠিন কঠর জলে,
এখনও নিহিত আছে কতোটুকু জ্বরা?


মিড় ও মহব্বতে ডিঙা ভাসে,
কতোটুকু ডিঙা?কতোটুকু দেশ


আছে সেখানে লুকিয়ে?


শুধু,জলজ পাতার অবিরাম 
ভাসা।ভাসা আদিগন্ত জলে।


কখনোই তার কোনো পতকা লাগেনা।
ভোটার আধার লাগেনা।


কচুরিপানার কোনো দেশ নেই বলে!



জেগে থাকা শুন্য চড়ের মতো 
ভেবে দেখতে চাই,জলহাওয়াশুখাভালোবাসা দিয়ে


লেখা আছে কতোটুকু 


আমার সীমানা।পরিশেষ!


ইছামতী তীরে বসে ভাবি,
জলহাওয়াভালোবাসা এক।


তাহলে কতোটা আমার দেশ আর,
কতোটা পরদেশ!


জমিন পেয়েছ,ভবে।জলে।
মোহ ও মহম্মদে বাঁচা।তারার সহিষ্ণু
ছায়া পড়ে,কতোটা আদিম লাগে,


বাঁচা!


অন্ধকারে ডুবে আছ।
এই পারে আলো।টুরিস্ট।


তুমি তো স্রোতের শব্দে কথা বলো-
আমি দেখি,ঘা খাচ্ছে বেঁধে রাখা বৃদ্ধ নৌকারা।
ছোটো ছোটো ডিঙা-সহদরা।


তুমি যেনো বলছ এভাবেই, 
প্রচীনত্ব শব্দ তুলে,তুলে
বাপ ও ঠাকুদার ভাষা!


"কেমন আছস,ওই দ্যাশে?"

🍁
টাকী।ইছামতী তীর

Your Opinion

We hate spam as much as you do