বারবার অগ্নি পরীক্ষায় পরিশুদ্ধা তুমি অহল্যা-সুন্দরীর মত অসাধ্য সাধনায় ভেদ করলে অভিশাপের মেঘ। এখন বোধের পাদানিতে রেখেছ পা' কুয়াশার অলি-গলি, অচেনা অজানা বন্ধুর রাস্তা।
কবিতা
প্রবীর ভদ্র
হারান মন্ডল
-------------------------------------------------
বাঁধনহারা গতির সুখ
প্রবীর ভদ্র
তোমার বুকের ভেতর উঠে দাঁড়াবার আকুলতা
জলে-স্থলে-অন্তরীক্ষে নয়,অনন্ত তমিস্রা থেকে উজ্জ্বল আলোতে।
যৌবনের কুঁড়িটি ফোঁটার আগেই হলে নির্বাসিতা
অশোক কাননে। ঐশ্বর্যের কুঁড়েতে মনমরা সীতা।
বারবার অগ্নি পরীক্ষায় পরিশুদ্ধা তুমি
অহল্যা-সুন্দরীর মত অসাধ্য সাধনায় ভেদ করলে
অভিশাপের মেঘ। এখন বোধের পাদানিতে রেখেছ পা'
কুয়াশার অলি-গলি, অচেনা অজানা বন্ধুর রাস্তা।
সুর-ছন্দে গাঁথা অসংখ্য চিত্রমালা তোমাকে দেখায় পথ
মুক্তির নেশায় মেতে ছুটে চল,বুকে আছে জীবনের বার্তা।
যন্ত্রণার শিকল ঝনঝন করে--- ভেঙে যায় আগল
অমৃতের সন্ধানে উদ্দাম গতির সুখ, এখন তোমার মনে।
_____________×__________
হারিয়ে খুঁজি
হারান মন্ডল
বদলে যাচ্ছে পৃথিবীর জল-হাওয়া-বাতাস
কোনো এক অজানা শঙ্কায় বন্ধ হচ্ছে শ্বাস
সবই আছে, তবু যেন গ্ৰাস করে একরাশ নৈরাশ্য
বেঁচে থেকেও মনে হয় -আমরা জীবিত ,না জীবাশ্ম ?
চারিদিকে
অন্তর্জাল-ফেসবুক-স্বাচ্ছন্দ্য-বৈভব
এরই মাঝে কোথায় যেন হারিয়ে গেছে আমাদের শৈশব ।
কেরিয়ার গড়ার ইঁদুর দৌঁড়ে , উড়িয়ে স্বপ্নের ফানুস
মানুষ হয়েও, হয়ে ওঠা হয়নি , সত্যিকারের মানুষ ।
মেকি ভালবাসা ও স্বার্থের সম্পর্ক নিয়ে ভাবি যেই,
মনে হয় আমরা সবাই হারিয়ে গেছি আমিতেই ।
প্রাণহীন শহরে কড়ি-বরগার ঠোকাঠুকিতে
কোকিল ডাকে না আর বসন্তের প্রভাতে ।
তুলসী তলায় এখন জ্বলে না প্রদীপ ,ধুনোর ধোঁয়া ঘরে
লক্ষ্মীর পাঁচালি এখন পড়ে ক'জন সেই মিহি সুরে ?
নবান্ন পরবে পড়শিরা এখন হয় না নিমন্ত্রিত
খড়ের ঘরে চড়ুই পাখির কুজন সে তো এখন অতীত ।
নিরন্তর পরিবর্তনের মাঝেও মানুষ আজও চায় মানুষের পরশ
আগামী পৃথিবী হোক নিঃস্বার্থ মানবিকতায় সরস
আর আগামী প্রজন্ম বলুক নিরালয়ে মুখোমুখি বসি
আমার জন্মভূমি ' আমার যৌবনের উপবন , বার্ধক্যের বারানসী' ।
We hate spam as much as you do