Tranding

06:50 AM - 04 Feb 2026

Home / Education / জাতপাত বৈষম‍্যবিরোধীতার UGC নয়া বিল- দেশজুড়ে উচ্চবর্ণের বিক্ষোভে বিজেপি

জাতপাত বৈষম‍্যবিরোধীতার UGC নয়া বিল- দেশজুড়ে উচ্চবর্ণের বিক্ষোভে বিজেপি

নতুন কাঠামোর অধীনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে সমতা কেন্দ্র (Equal Opportunity Centres), সমতা কমিটি (Equity Committee), অভিযোগ প্রতিকার ব্যবস্থা (Grievance Redressal Mechanism) এবং ২৪ × ৭ হেল্পলাইন চালু করতে হবে। এই সংস্থাগুলিকে তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC) শিক্ষার্থীদের অভিযোগের সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতপাত বৈষম‍্যবিরোধীতার UGC নয়া বিল- দেশজুড়ে উচ্চবর্ণের বিক্ষোভে বিজেপি

জাতপাত বৈষম‍্যবিরোধীতার UGC নয়া বিল- দেশজুড়ে উচ্চবর্ণের বিক্ষোভে বিজেপি

দিল্লি,27 Jan 2026,

উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে জাতিগত বৈষম্য মাথা তুলে দাঁড়াতে না পারে, তা নিশ্চিত করতে সম্প্রতি একটি বড় পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয় ও কলেজের জন্য অত্যন্ত কঠোর নতুন একটি গাইডলাইন তৈরি করেছে UGC। নতুন প্রস্তাবিত গাইডলাইন অনুযায়ী প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ‘ইক্যুয়াল অপরচুনিটি সেন্টার’ (ইওসি) তৈরি বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নয়া ইক্যুয়াল অপরচুনিটি সেন্টার বা ইক্যুইটি কমিটি নিয়ে ছড়াচ্ছে যাবতীয় বিতর্ক।

নতুন গাইডলাইনে কী বলা হয়েছে?

নতুন গাইডলাইন অনুযায়ী প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ‘ইক্যুয়াল অপরচুনিটি সেন্টার’ (ইওসি) তৈরি বাধ্যতামূলক করা হয়েছে। এই সেন্টারের অধীনে গঠিত হবে একটি শক্তিশালী ‘ইক্যুইটি কমিটি’।

এই ‘ইক্যুইটি কমিটি’র প্রধান থাকবেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিজেই। পাশাপাশি কমিটিতে প্রতিনিধিত্ব করবেন ওবিসি, এসসি, এসটি, মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরাও।

নতুন কাঠামোর অধীনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে সমতা কেন্দ্র (Equal Opportunity Centres), সমতা কমিটি (Equity Committee), অভিযোগ প্রতিকার ব্যবস্থা (Grievance Redressal Mechanism) এবং ২৪ × ৭ হেল্পলাইন চালু করতে হবে। এই সংস্থাগুলিকে তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC) শিক্ষার্থীদের অভিযোগের সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। 

মূলত তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী তথা প্রান্তিক সম্প্রদায়ের শিক্ষার্থীদের সহায়তার জন্য এই বিধি। বিশ্ববিদ্যালয়গুলি এই নিয়মবিধি সঠিকভাবে বাস্তবায়িত করছে কিনা তা নিশ্চিত করবে ইউজিসি।

হেল্পলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা বর্ণ ভিত্তিক বৈষম্য বিষয়ক অভিযোগ জানাতে পারবে। অভিযোগের পর এই বিষয়ক কমিটি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।

কী কী ব্যবস্থা নেওয়া যাবে?

উচ্চ শিক্ষাঙ্গনে এই কমিটি জাতপাত সংক্রান্ত অভিযোগের সমস্যা সমাধানের চেষ্টা করবে। প্রয়োজনে কড়া ব্যবস্থাও নিতে পারবে। যদি কোনও প্রতিষ্ঠান এই নিয়মগুলি না মানে তবে UGC তাদের স্বীকৃতি বাতিল করতে পারে। এমনকী ফান্ড দেওয়া বন্ধ করতে পারে।

উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন জায়গায় ইউজিসি-র বিধির বিরুদ্ধে বিক্ষোভ কেন?

উত্তরপ্রদেশের উচ্চ বর্ণের বিজেপি নেতারা ইতিমধ্যেই এই বিধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছেন। নতুন এই বিধিকে ‘কালা আইন’ (Black Laws) বলেও তারা অভিহিত করেছেন। একাধিক বিজেপি নেতা ইউজিসি-র বিধির প্রতিবাদে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে। তাঁদের মতে উচ্চশিক্ষায় বৈষম্য দূর করার কথা বলে এই বিধি জারি করা হলেও এই বিধি আসলে উচ্চবর্ণের বিরোধী।

লখনৌতে এই আইনের বিরুদ্ধে করণী সেনার মিছিলের পর জটিলতা আরও বেড়েছে। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে এই নিয়ম প্রত্যাহার করতে হবে। উচ্চবর্ণভুক্ত বিজেপির প্রবীণ নেতা কলরাজ মিশ্র ইউজিসি-র নয়া বিধির বিরোধিতা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই বিধির বিরুদ্ধে লখনৌ, রায়বেরিলি, বনারস, প্রয়াগরাজ, আগ্রা প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি প্রভাবিত ছাত্র সংগঠন। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন এই বিধিতে প্রাতিষ্ঠানিক কমিটিগুলোকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। মিথ্যে অভিযোগ থেকে রক্ষা পেতে কোনও সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা নেই। ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিধির অপব্যবহারের সম্ভাবনা থেকে যাচ্ছে।

বিজেপির উচ্চবর্ণের নেতৃত্ব এবং ছাত্র সংগঠনের অভিযোগ, সমতার নামে এই নিয়ম উচ্চশিক্ষায় বিভাজন নিয়ে আসবে। উচ্চবর্ণ বিরোধী ইউজিসি-র নয়া বিধি প্রত্যহারের দাবিতে এদিন উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। এই বিধি পুনর্বিবেচনা করা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি যুব মোর্চা।

কমিশনের নিয়মকানুন নিয়ে জেনারেল ক্যাটেগরির মধ্যে যে ক্ষোভ বাড়ছে, সেই ক্ষোভ এখন সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকেই প্রশ্ন তুলতে শুরু করেছে। বিজেপির ভেতরেই এখন প্রতিবাদের সুর উঠেছে। UGC-র নতুন নিয়মের প্রতিবাদে, সোমবার লখনউতে ১১ জন বিজেপি কর্মকর্তা দল থেকে পদত্যাগ করেছেন। নয়ডায়, বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি রাজু পণ্ডিত নিজের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি এই নতুন নিয়মকে জেনারেল ক্যাটেগরিদের জন্য একটি কালো আইন বলে অভিহিত করেছেন। বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সঞ্জয় সিংও নতুন UGC নিয়মকানুন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

জেনারেল ক্যাটেগরির আশঙ্কা কী? কেন নতুন নিয়ম ঘিরে দ্বন্দ্ব?

‘ইক্যুইটি কমিটি’ সংক্রান্ত গাইডলাইনের পরেই উত্তরপ্রদেশে রীতিমতো আলোড়ন পড়েছে। অনেক জেনারেল ক্যাটেগরির পড়ুয়ারা আশঙ্কা করছেন, এরফলে বিশ্ববিদ্যালয়ে তাঁদের অধিকার খর্ব হতে পারে।

UGC-এর যুক্তি এই নিয়ম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সমতা এবং অন্তর্ভুক্তির চেতনাকে শক্তিশালী করবে। তবে উচ্চবর্ণপন্থী বিরোধীদের আবার পাল্টা দাবি, এই নিয়মগুলি এই ধারণার উপর ভিত্তি করে তৈরি যে এক শ্রেণি সর্বদা শোষিত হয় এবং অন্য শ্রেণি সর্বদা শোষক। জেনারেল ক্যাটেগরির শিক্ষার্থী ও শিক্ষকরা আশঙ্কা করে জানিয়েছেন, তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। তাঁদের বক্তব্য, নতুন নিয়মে মিথ্যা অভিযোগকারীদের জন্য কোনও জরিমানা বা শাস্তির ব্যবস্থা করা হয়নি, যার ফলে একতরফা ঝুঁকি রয়েছে।

রোহিত ভেমুলা ও পায়েল তাদভির ঘটনা

হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক রোহিত ভেমুলা ২০১৬ সালে আত্মহত্যা করেন। অভিযোগ তিনি জাতিভিত্তিক হয়রানির শিকার হয়েছিলেন। ২০১৯ সালে, মুম্বাইয়ের টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং বিওয়াইএল নায়ার হাসপাতালের আবাসিক চিকিৎসক পায়েল তাদভি আত্মহত্যা করেন। তাঁর ক্ষেত্রেও সিনিয়রদের বিরুদ্ধে জাতিগত হয়রানির অভিযোগ ছিল।

ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতিগত বৈষম্য - তথ্য কী বলে?

ইউজিসি-র তথ্য অনুসারে গত পাঁচ বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্ণ বৈষম্যের অভিযোগ বৃদ্ধি পেয়েছে ১১৮ শতাংশ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে, ২০১৯-২০ সালে এই ধরণের ঘটনার সংখ্যা যেখানে ছিল ১৭৩, ২০২৩-২৪-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৮। ওই প্রতিবেদন অনুসারে, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪-এর মধ্যে দেশের ৭০৪টি বিশ্ববিদ্যালয় এবং ১,৫৫৩টি কলেজ থেকে ইউজিসি-র কাছে এই সংক্রান্ত ১১৬০টি অভিযোগ জমা পড়েছে।

গত ১৩ জানুয়ারি ইউজিসি ‘ইক্যুইটি ইন হায়ার এডুকেশন ইন্সটিটিউশন রেগুলেশনস, ২০২৬ চালু করেছে। ইতিমধ্যেই এই বিধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে ।

Your Opinion

We hate spam as much as you do