পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা থাকায় সাধারণ ধর্মঘটের পরিবর্তে শিল্প ধর্মঘট হবে। কিন্তু কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের কেন এত প্রতিবাদ? কারণ ২৯টি শ্রম আইন বাতিল করে যে ৪টি শ্রমকোডকে আইনে পরিণত করা হয়েছে তা চালু হলে শ্রমিকদের অধিকার বলে বিশেষ কিছু থাকবে না। নিযুক্ত শ্রমিককে মালিকের ইচ্ছামতো ছাঁটাই করা, ক্লোজার, লে-অফ, লকআউট প্রবল গতিতে বাড়বে
চার শ্রমকোড প্রত্যাহারের দাবিতে ১২ ফেব্রুয়ারি ধর্মঘটে ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ
01 February 2026
১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট এবং ভারতের অন্যান্য রাজ্যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং কর্মচারীদের অন্যান্য সর্বভারতীয় ফেডারেশন। পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা থাকায় সাধারণ ধর্মঘটের পরিবর্তে শিল্প ধর্মঘট হবে। কিন্তু কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের কেন এত প্রতিবাদ? কারণ ২৯টি শ্রম আইন বাতিল করে যে ৪টি শ্রমকোডকে আইনে পরিণত করা হয়েছে তা চালু হলে শ্রমিকদের অধিকার বলে বিশেষ কিছু থাকবে না। নিযুক্ত শ্রমিককে মালিকের ইচ্ছামতো ছাঁটাই করা, ক্লোজার, লে-অফ, লকআউট প্রবল গতিতে বাড়বে। বেকার যুবশক্তির সঙ্গে ছাঁটাই শ্রমশক্তি যুক্ত হয়ে বেকারত্বকে বিস্ফোরণের কিনারায় নিয়ে যাবে। ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টার কর্মদিবসের সুপারিশ করা হয়েছে। এই আইন চালু হলে বাস্তবে স্থায়ী কাজ কিছু থাকবে না। সবটাই হবে অস্থায়ী, চুক্তিভিত্তিক– হায়ার অ্যান্ড ফায়ার নীতিতে, আশা-অঙ্গনওয়াড়ি পৌর স্বাস্থ্যকর্মী সহ প্রকল্প শ্রমিকদের শ্রমিক হিসাবে স্বীকৃতিটুকু দিচ্ছে না কেন্দ্র ও রাজ্য সরকার। ফলে আইন মোতাবেক বেতন দেওয়ার কোনও ব্যবস্থাই নেই। রেল-ব্যাঙ্ক-বিমা-বিদ্যুৎ, প্রতিরক্ষা, কয়লা, তেল, গ্যাস, স্টিল, টেলিকম, বিমান, বন্দর– সর্বত্রই চলছে বেসরকারিকরণ। চলছে বিপুল হারে পদবিলুপ্তি। সরকার দেশের মালিক শ্রেণির স্বার্থে এ ভাবেই শ্রমিক-কর্মচারীদের স্বার্থকে দু’পায়ে মাড়িয়ে চলেছে। কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার এই সর্বনাশা নীতি কার্যকর করে চলেছে। একে রুখতে না পারলে আগামী দিনে কাজের সুযোগ আরও কমে যাবে, শ্রমিক শোষণ ব্যাপক ভাবে বাড়বে।
দেশের দশটি প্রধান ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ চার শ্রমকোডের (Labour Codes) বিরুদ্ধে এই ধর্মঘটে নামতে চলেছে। শ্রমকোড প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে এই ধর্মঘট হবে বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে।
৯ ডিসেম্বর এই সংক্রান্ত এক বিবৃতিতে সিআইটিইউ জানিয়েছে, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ২০২৬-এর ফেব্রুয়ারিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘটসহ প্রত্যক্ষ কর্মসূচির ডাক দেবে। ২২শে ডিসেম্বর ২০২৫-এর বৈঠকে ধর্মঘটের তারিখ চূড়ান্ত করা হল। বিবৃতিতে বলা হয়, শ্রমিকদের জন্য শ্রম বিধিগুলোর তথাকথিত ‘সুবিধা’ সম্পর্কে নজিরবিহীন মিথ্যা প্রচার চালানো হচ্ছে, যার মধ্যে রয়েছে ব্যাপক আকারে বিজ্ঞাপন এবং সেগুলোকে সমর্থন করে পেইড নিউজ ও প্রবন্ধ প্রকাশ। এটি সরকারি প্রশাসন ও শাসক শ্রেণির মধ্যে বেড়ে চলা আতঙ্ককেই তুলে ধরে।
গত ২১ নভেম্বর কেন্দ্র সরকারের পক্ষ থেকে চার শ্রমকোড চালু করা হয়। এই চার শ্রম কোড হল - কোড অন ওয়েজেস ২০১৯ (Code on Wages 2019), ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড ২০২০ (Industrial Relations Code 2020), কোড অন সোশ্যাল সিকিউরিটি ২০২০ (Code on Social Security 2020) এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড ২০২০ (Occupational Safety, Health and Working Conditions Code 2020)। দেশে চালু থাকা ২৯টি শ্রম আইনকে এই চার কোডের মধ্যে নিয়ে আসা হয়েছে।
২১ নভেম্বর কেন্দ্রের পক্ষ থেকে শ্রম কোড জারি করার পরেই দেশের প্রধান দশটি ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ সেন্ট্রাল ট্রেড ইউনিয়নস (Joint Platform of Central Trade Unions) এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং ২৬ নভেম্বর দেশজুড়ে চার শ্রমকোডের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। যৌথ মঞ্চের পক্ষ থেকে এই শ্রমকোডকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়ে ট্রেড ইউনিয়ন নেতৃত্ব বলেন, এই শ্রমকোড বিগত কয়েক দশকের মধ্যে শ্রমিকদের সঙ্গে সবথেকে বড়ো ‘প্রতারণা’ বলে জানিয়েছে।
সিআইটিইউ পশ্চিমবঙ্গ সম্পাদক জিয়াউল আলম জানিয়েছেন, ২২ ডিসেম্বর তারিখ রাজ্য জুড়ে প্রতিটি কর্মক্ষেত্রে, জনবহুল অঞ্চলে শ্রমকোড বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাবে সংগঠন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের শ্রমকোডের ফলে খর্ব হচ্ছে শ্রমিকদের স্বাধীনতা। দেশ জুড়ে শ্রমক্ষেত্রে তৈরি হচ্ছে এক অস্থির পরিস্থিতি। শ্রমিকদের কাজের পরিস্থিতি ফিরিয়ে আনতে অবিলম্বে শ্রমকোড বাতিল করতে হবে।
বিভিন্ন শ্রমিক সংগঠনের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ সেন্ট্রাল ট্রেড ইউনিয়নস বা যৌথ মঞ্চে আছে সিআইটিইউ (CITU), এআইটিইউসি (AITUC), আইএনটিইউসি (INTUC), এইচএমএস (HMS), এআইইউটিইউসি (AIUTUC), টিইউসিসি (TUCC), এআইসিসিটিইউ (AICCTU), এলপিএফ (LFP), ইউটিইউসি (UTUC), এসইডব্লুএ (SEWA)।
We hate spam as much as you do