করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিরামহীন বিপর্যয়ের উল্লেখ করে দেশের প্রধান ১২ বিরোধী দলের নেতারা বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন। তাতে করোনা মোকাবিলায় বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবির পাশাপাশি ভ্যাকসিন উৎপাদন বাড়ানো, টিকার জন্য বাজেট বরাদ্দ ৩৫ হাজার কোটি খরচ, গরিবদের হাতে মাসে ৬ হাজার টাকা দেওয়াসহ একাধিক দাবি পেশ করা হয়েছে।
১২ বিরোধী নেতার করোনা প্রতিরোধে মোদিকে চিঠি
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিরামহীন বিপর্যয়ের উল্লেখ করে দেশের প্রধান ১২ বিরোধী দলের নেতারা বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন। তাতে করোনা মোকাবিলায় বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবির পাশাপাশি ভ্যাকসিন উৎপাদন বাড়ানো, টিকার জন্য বাজেট বরাদ্দ ৩৫ হাজার কোটি খরচ, গরিবদের হাতে মাসে ৬ হাজার টাকা দেওয়াসহ একাধিক দাবি পেশ করা হয়েছে।
এই দাবিপত্রে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে
, এই সময় সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ যেন স্থগিত রাখা হয়। বিরোধী নেতারা মোট আট দফা দাবির মধ্যে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে দরিদ্রদের বিনা মূল্যে খাদ্য শস্য বিতরণের ওপরও জোর দিয়েছেন। আর বলা হয়েছে, প্রধানমন্ত্রীর তহবিলের টাকায় প্রয়োজনীয় অক্সিজেন ও চিকিৎসা সরঞ্জাম দ্রুত কেনা হোক।
চিঠিতে ১২ দলের নেতারা লিখেছেন, অতীতে বারবার সরকারকে সজাগ ও সতর্ক করে দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সরকার সব সময় তা উপেক্ষা করেছে। প্রস্তাব গ্রহণে অস্বীকার করেছে যা সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজকের এই যৌথ দাবীপত্র রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, এই চিঠির মধ্য দিয়ে বিভিন্ন বিরোধী দলের নেতা বিজেপি বিরোধী এক ব্যাপক জোট গঠনের সম্ভাবনা নতুন করে উসকে দিতে পারলেন। চিঠির শেষে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়েছে, অতীতে কখনো এই ধরনের চিঠির জবাব তিনি নিজে অথবা তাঁর দপ্তর দেয়নি। প্রস্তাব অনুযায়ী কিছু করা হয়েছে কি না তাও জানানো হয়নি। কিন্তু এবার তা করা হবে বলে তাঁরা আশা করছেন। যেহেতু গোটা দেশের মানুষের স্বার্থ এর সঙ্গে জড়িত।
চিঠিতে সই করেছেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, সংযুক্ত জনতা দলের দেবে গৌড়া, এনসিপি নেতা শরদ পাওয়ার, শিবসেনার উদ্ভব ঠাকরে, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকের এম কে স্তালিন, ঝাড়খন্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন, সিপিআইয়ের ডি রাজা ও সিপিএমের সীতারাম ইয়েচুরি , কাশ্মীরের গুপকর অ্যালায়েন্সের ফারুক আবদুল্লা, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব ।
সর্বভারতীয় নেতাদের মধ্যে অনুপস্থিত বিএসপি নেত্রী মায়াবতী ও আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল।
We hate spam as much as you do