Tranding

01:28 PM - 04 Feb 2026

Home / Politics / বাঁকুড়ায় সিপিআইএমে প্রথম মহিলা জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম

বাঁকুড়ায় সিপিআইএমে প্রথম মহিলা জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম

১৯৯৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত রানিবাঁধের বিধায়ক ছিলেন দেবলীনা। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারে তিনি ছিলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ উন্নয়নমন্ত্রী। বর্তমানে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তিনি।

বাঁকুড়ায় সিপিআইএমে প্রথম মহিলা জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম

বাঁকুড়ায় সিপিআইএমে প্রথম মহিলা জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম

24 jan 2025

এই প্রথম ৬০ বছর পরে পশ্চিমবঙ্গে প্রথম মহিলা জেলা সম্পাদক পেল সিপিআইএম। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রম বৃহস্পতিবার দলের বাঁকুড়া জেলার সম্পাদক হয়েছেন। দেবলীনা সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য। বাঁকুড়ার বড়জোড়াতে সিপিএমের দু’দিনের জেলা সম্মেলন থেকে দেবলীনা সর্বসম্মতিক্রমে সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।


পশ্চিমবঙ্গে সিপিআই–র জেলা সম্পাদক পদে অতীতে মহিলা মুখ দেখা গেলেও সিপিআইএমের ক্ষেত্রে এটাই প্রথমবার। ছক ভেঙে এগোনোর ট্রেন্ড বজায় রেখে রাজ‍্য সম্পাদক মহঃ সেলিমের নেতৃত্বাধীন সিপিআইএম এবার দেবলীনার হাতে বাঁকুড়া জেলার ব্যাটন তুলে দি‍ল। মহিলা নেত্রীর হাতে জেলা সম্পাদকের দায়িত্ব তুলে দিতে কি আলিমুদ্দিন স্ট্রিট অনেক দেরি করে ফেলল? সেলিমের যুক্তি, ‘কমিউনিস্ট পার্টিতে নেতৃত্ব গড়ে ওঠে, উপর থেকে চাপিয়ে দেওয়া হয় না। আগে তেমন কেউ ছিলেন না বলে মহিলা জেলা সম্পাদক হননি। দেবলীনা শুধু প্রথম মহিলা জেলা সম্পাদক নন, তিনি প্রথম আদিবাসী মহিলা জেলা সম্পাদকও।’


২০০৫ সালে বৃন্দা কারাট প্রথম মহিলা পলিটব্যুরো সদস্য হন। এই প্রেক্ষাপটে দেবলীনা নিজে কী বলছেন? জেলা সম্পাদকের দায়িত্ব পেয়ে বড়জোড়াতে প্রকাশ্য সমাবেশে আদিবাসী এই নেত্রী বলেন, ‘প্রথম মহিলা জেলা সম্পাদক হয়ে সবার সহযোগিতা চাইছি। যাঁরা আমাদের দলকে হয়তো সমর্থন করেন না তাঁদেরও সহযোগিতা চাই। সবার সহযোগিতা নিয়ে এই লড়াই জিততে হবে।’ বাঁকুড়া জেলা সিপিআইএম সূত্রের খবর, সম্মেলনে বিদায়ী জেলা সম্পাদক অজিত পতি নতুন সম্পাদক হিসেবে দেবলীনার নাম প্রস্তাব করেন। পরিক্ষীত জননেত্রী দেবলীনা যেহেতু অভিজ্ঞ মহিলা ও আদিবাসী নেত্রী, তাই সর্বসম্মতিতে গৃহীত হয়।

১৯৯৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত রানিবাঁধের বিধায়ক ছিলেন দেবলীনা। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারে তিনি ছিলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ উন্নয়নমন্ত্রী। বর্তমানে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তিনি। কেন্দ্রীয় কমিটির সদস্যও বটে। এ বার সেই দেবলীনাকেই দেওয়া হল বাঁকুড়া জেলা সম্পাদকের দায়িত্ব।

Your Opinion

We hate spam as much as you do