Tranding

08:45 AM - 04 Feb 2026

Home / Other Districts / এত কথার পর বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে কি? কমিশন ধন্দে , বিজ্ঞপ্তি ঘিরেও ধোঁয়াশা

এত কথার পর বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে কি? কমিশন ধন্দে , বিজ্ঞপ্তি ঘিরেও ধোঁয়াশা

কমিশনের নির্দেশে কোথাও বলা হয়নি যে, পোলিং বুথে বাহিনী ব্যবহার করা হবে। যদিও হাইকোর্ট তার নির্দেশে বিষয়টি উল্লেখ করেছিল। কিন্তু তারপরেও কমিশন এখনও পর্যন্ত সেব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।

এত কথার পর বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে কি? কমিশন ধন্দে , বিজ্ঞপ্তি ঘিরেও ধোঁয়াশা

এত কথার পর বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে কি? কমিশন ধন্দে , বিজ্ঞপ্তি ঘিরেও ধোঁয়াশা

 Jul 1, 2023 

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। রক্ত ঝরেছে, প্রাণ গেছে। সেই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানানো হয়। তারপরই হাইকোর্ট, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর নির্দেশ দেয়। সেই মতো স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সেই বাহিনীর ব্যবহার করা নিয়ে ধোঁয়াশা যেন থেকেই গেল।


ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে চর্চা নতুন নয়। বিধানসভা নির্বাচনের পর এবার পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনীর ওপরই নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলেও তাদের ব্যবহার কীভাবে, কোথায় করা হবে তা ঠিক করে কমিশনই।

 
শুক্রবার রাজ্য কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের চিঠি পাঠানো হয়েছে। সেখানে ৩১৫ কোম্পানি বাহিনীকে কোন কোন কাজে ব্যবহার করা হবে, সেই ব্যাপারে নির্দেশ দিয়েছে কমিশন।


নাকা চেকিং, এরিয়া ডমিনেশন, রাজ্য ও আন্তর্জাতিক সীমান্তে টহলদারি, রুট মার্চ ইত্যাদি কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। যে কোনওরকম রাজনৈতিক হিংসার ঘটনার মোকাবিলা করতেও ব্যবহার করা হবে বাহিনীকে। কিন্তু কোথায় কোথায় বাহিনী ব্যবহার হবে, তার নির্দেশ দেবে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন।


কমিশনের এই চিঠির খবর সামনে আসতেই ধোঁয়াশা দেখা দিয়েছে। কারণ কমিশনের নির্দেশে কোথাও বলা হয়নি যে, পোলিং বুথে বাহিনী ব্যবহার করা হবে। যদিও হাইকোর্ট তার নির্দেশে বিষয়টি উল্লেখ করেছিল। কিন্তু তারপরেও কমিশন এখনও পর্যন্ত সেব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।


হাইকোর্ট তার নির্দেশে বলেছিল, রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সেই প্রশ্নে কমিশনার রাজীব সিনহা বলেন, ‘স্পর্শকাতর এলাকাতে বেশি ফোকাস করতে বলা হয়েছে।’ যদিও এখনও নির্বাচনের অনেক সময় বাকি আছে, তাই কমিশন এ ব্যাপারে চুড়ান্ত কী সিদ্ধান্ত নেবে তা পরেই জানা যাবে।


বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা সেই নিয়ে ধোঁয়াশা থাকলেও ইতিমধ্যেই কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন করানোর ব্যাপারে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যেমন জেলায় জেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। এছাড়াও বুথে সিসিটিভি লাগানো ও নির্বাচনের সময় ভিডিওগ্রাফি করার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে কমিশন। সেই সঙ্গে ব্যাল্ট বক্সে কিউআর কোড লাগানো সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তারা।


উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে পরই কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানি বাহিনী চেয়ে পাঠিয়েছিল কমিশন। কমিশনের এই চিঠির উত্তরে অমিত শাহের মন্ত্রক জানায়, তারা ৩১৫ কোম্পানি পাঠাতে পারবে। সেই মোতাবেক বাহিনীও এসে পৌছচ্ছে রাজ্যে। কিন্তু বাকি ৪৮৫ বাহিনী কবে আসবে, সেই নিয়ে এখনও জট কাটেনি। চলছে চিঠি-চাপাটি। তারমধ্যেই বাহিনী নিয়ে কমিশনের এই নির্দেশ বিতর্কের জন্ম দেবে, মত অনেকেরই।


ঠিক কী বলছেন কমিশনার?‌ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করতে। কত কেন্দ্রীয় বাহিনী লাগবে পঞ্চায়েত নির্বাচনে সেটা ঠিক করার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনেরই। এরপরই বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সংবাদমাধ্যমে বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী নিয়ে আলোচনা চলছে। বাকি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী সিদ্ধান্ত হল সেটা আমরা জানতে চেয়েছি। ওনারা বলেছেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করবে। আমরা বলেছি, আপনারা বিষয়টি জানালেই আমরাও জানিয়ে দেব।’

Your Opinion

We hate spam as much as you do