আজ যত জল ঝরছে সারাদিন, হাত পেতে মন ধরছে তোমাকেই। বাইরে তো চুপ থাকাই সমীচীন যাবার সময় পিছু ডাকতে নেই।
মৃত্যুদিনে সৌমিত্র চ্যাটার্জিকে কবিতা
এক মহীরুহ আর এক সম্ভাবনাময় চারাগাছের কবিতা
১৫ নভেম্বরের লেখা
----------------------------
শ্রীজাত
শার্সিতে নাম, ঝাপসা তারিখ প্রায়
কে আনে, এই বৃষ্টিভেজা শীত?
কেন যে সব মনে রাখার দায়...
তোমার নামে স্মৃতিও অনুচিত।
অরণ্যে আজ একটি গাছই কম
এমন দিনে ছাড়িয়েছিলে হাত...
চুপ শেখে ঠোঁট, চোখেরা সংযম
মনের কেবল কেমন-করা ধাত।
মেঘের বয়স পুড়েই হলো ছাই
আকাশ তাতে লিখল সে কার নাম...
শার্সিতে দিন ঝাপসা পুরোটাই।
নইলে চিঠি তোমায় পাঠাতাম।
মঞ্চে এবার একা লাগছে খুব
উপায় নেই যে আবার দেখা হোক!
অভিনয়ের ব্যথাতে দেয় ডুব —
জীবন বড় আহত দর্শক।
আজ যত জল ঝরছে সারাদিন,
হাত পেতে মন ধরছে তোমাকেই।
বাইরে তো চুপ থাকাই সমীচীন
যাবার সময় পিছু ডাকতে নেই।
-----------------------------------------------------
নায়ক
শা ম্ব
এমন আকাশ কখনো-সখনো হয়,
আজ কুয়াশায় ঘেরা স্মৃতিরা পর্যটক।
তুমি,তারকাখচিত আগুনের নির্ণয়
করে রেখে গেছো জীবনের শেষতক।
আগুন থেকেতো আত্মাভিমান শেখা।
কতো জন্মের ছাই ওড়ে কলিজাতে-
প্রতিটা মঞ্চে তোমাকে যেভাবে দ্যাখা...
কুয়াশা জেগেছে স্মৃতিদের অভিঘাতে!
কতো কতো পথ পার হয়ে এসে রোদ
এই শার্সির মুখ ঢেকে গেছে অভিমানে!
শুধু বুকের ভেতরে বহুধা নিঃস্ব বোধ
পাতা ওল্টায় বাতাসের অভিধানে।
আজ সব রোদটুকু মিথ হয়ে নেমে এলে
দেখি, ঘাসের শিশিরে কিংবদন্তি জাগে।
শুধু ছাই উড়ে যায় স্মৃতির সঙ্গ পেলে-
সবারই জীবনে একটা নায়ক লাগে।
সবারই মরণে একটা নায়ক লাগে।
🍁
We hate spam as much as you do