Tranding

03:20 PM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা -- পাপিয়া গোস্বামী, দেব চক্রবর্তী

কবিতা -- পাপিয়া গোস্বামী, দেব চক্রবর্তী

সব হারানো সূর্যমুখী ছাই মানচিত্র জুড়ে ছেয়ে থাকে হাহুতাশ এবার আশ্বিনের কাশে পড়বে ঘাই চতুষ্কোণ মেপে নেয় বিরুদ্ধ বাতাস।

কবিতা -- পাপিয়া গোস্বামী,  দেব চক্রবর্তী

কবিতা --
পাপিয়া গোস্বামী
দেব চক্রবর্তী

 

হৃদয়-নির্ঝর

 

পাপিয়া গোস্বামী 

 

তোমার হৃদয়ের ঝরনা-ধারা    
দু'চোখ বেয়ে ঝরে পড়লে 
বুঝতে হবে তুমি সুখ বা দুঃখের
 সাগরে ডুবে আছ।

 

শরীরের সবচাইতে স্পর্শকাতর স্থানটি 
হাতের নাগালের বাইরে, 
কিন্তু জীবনের উল্লাস-বিষাদ,শীত-বসন্ত অতি সহজেই সেই স্থানটি ছুঁয়ে ফেলে।
ঠিক যেমন প্রস্ফুটিত ফুলের সুবাস--
গন্ধে মাতাল করে বাদল-বাতাস।

 

তোমার হৃদয় স্বার্থহীনতার আলোয় উজ্জ্বল,
সেই আলোয়  সুগম হয় পথ চলা
দূর করে মনের ক্লান্তি আর  ভ্রান্তির আঁধার।
তবে কেন বিশ্বাসহীনতার কালো তীর তোমাকেই বিদ্ধ করে, রক্তাক্ত করে বারবার?

 

তুমি সুখ বা দুঃখের সাগরে ডুবে থাকলেও
অনিবার্য বলেই মেনে নাও---
তাই তোমার হৃদয়ের ঝরনা-ধারা শুধুই ঝরে পড়ে।

 

বিসর্জন  

 

দেব চক্রবর্তী

 

সব হারানো সূর্যমুখী ছাই
মানচিত্র জুড়ে ছেয়ে থাকে হাহুতাশ
এবার আশ্বিনের কাশে পড়বে ঘাই 
চতুষ্কোণ মেপে নেয় বিরুদ্ধ বাতাস।

 

এবার আর বোধন নেই 
শ্যাম বাগদী এবার আর
শাপলা তুলে দেবে না 
নট্ট কাকুও মারা গেছেন বছর দুয়েক।
ঢাকও আর বাজবে না এখানে।

 

সপ্তমীতে নিধিরামের হোটেল,
অষ্টমীতে পাঁড় মাতাল হবো 
পানের রসে তা দিয়ে জুয়া খেলবো শুধু 
তারপর মণ্ডপ খুলে দেখবো
ঘুণো কাঠ, মাটি আর চেরা বাঁশের মৃত্যু।

 

এই তো শুরু 
বিসর্জনের দিন 
সব ভাসিয়ে দেবো।
তুমুল মদ খাবো,
ডিজের তালে বেসামাল হবো
আর লন্ডভন্ড করে দেবো সব॥

 

 

Your Opinion

We hate spam as much as you do