মঙ্গলবার দুপুরে এসআইআর শুনানিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তির আবহে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামে সিপিএমের পূর্বস্থলী ১ এরিয়া কমিটি। ব্লকের বিডিও অফিসের বাইরে একটি টোটোয় লাল পতাকা ও মাইক বেঁধে পথসভা শুরু হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে এসএফআইয়ের জেলা সহ-সভাপতি কৌশিক সরকার বিজেপি ও নির্বাচন কমিশনের পাশাপাশি তৃণমূল নেতৃত্বকেও কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি একাধিক তৃণমূল-বিরোধী মন্তব্য করেন, যা ঘিরে উত্তেজনা বাড়তে থাকে।
SIR প্রতিবাদে সিপিএমের মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল তৃণমূল মন্ত্রী বর্ধমানে পূর্বস্থলীতে
21 Jan 2026
এসআইআর হয়রানি ও তৃণমূলের দুর্নীতির অভিযোগে পথসভা চলাকালীন রাজ্যের মন্ত্রীর সঙ্গে বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের বচসাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। অভিযোগ, পথসভায় বক্তব্য রাখার সময় এসএফআই নেতার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনও বড় ধরনের অশান্তি বা গোলযোগ হয়নি।
মঙ্গলবার দুপুরে এসআইআর শুনানিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তির আবহে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামে সিপিএমের পূর্বস্থলী ১ এরিয়া কমিটি। ব্লকের বিডিও অফিসের বাইরে একটি টোটোয় লাল পতাকা ও মাইক বেঁধে পথসভা শুরু হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে এসএফআইয়ের জেলা সহ-সভাপতি কৌশিক সরকার বিজেপি ও নির্বাচন কমিশনের পাশাপাশি তৃণমূল নেতৃত্বকেও কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি একাধিক তৃণমূল-বিরোধী মন্তব্য করেন, যা ঘিরে উত্তেজনা বাড়তে থাকে।
অভিযোগ, বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে একনাগাড়ে তৃণমূল-বিরোধী বক্তব্য চলতে থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে এসএফআই নেতা কৌশিক সরকারের দিকে এগিয়ে যান এবং মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সেই সময় মন্ত্রী আঙুল তুলে কৌশিক সরকারকে উদ্দেশ্য করে বলেন, এসআইআর শুনানিতে আসা ভোটারদের যেন হয়রানি করা না হয় এবং রাজনীতি করার জন্য অন্য জায়গা বেছে নিতে বলেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
এই প্রসঙ্গে এসএফআই নেতা কৌশিক সরকার বলেন, এসআইআর হয়রানির প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তাঁরা বিডিও অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ টোটো ও মাইক নিয়ে ভিতরে ঢুকতে দেয়নি। তাই গেটের সামনেই দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বক্তব্য শুরু করেন তাঁরা। তাঁর অভিযোগ, এর মধ্যেই তৃণমূলের কয়েকজন যুব নেতা তাঁকে হুমকি দেন এবং পরে মন্ত্রী এসে তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন। তবু বাধা সত্ত্বেও তাঁরা কর্মসূচি শেষ করেন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ওই দিন এসআইআর শুনানির জন্য হাজার হাজার মানুষ বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে ছিলেন। গেটের সামনে মাইকে একনাগাড়ে বক্তব্য চলায় সাধারণ মানুষ বিরক্ত হয়ে পড়ছিলেন। পরিস্থিতি শান্ত রাখতেই তিনি সভা বন্ধ করার অনুরোধ করেন। কারও হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেননি বলে দাবি করে তিনি বলেন, সাধারণ মানুষের অসুবিধা সত্ত্বেও সিপিএম শেষ পর্যন্ত তাদের সভা চালিয়ে যায়।
We hate spam as much as you do