Tranding

03:23 PM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা - স্বাধীন সত্তার সুখ, কুর্ণিশ, আত্মোৎসর্গ

কবিতা - স্বাধীন সত্তার সুখ, কুর্ণিশ, আত্মোৎসর্গ

নির্বোধ নদী মানে না বারণ কারো, জলোচ্ছাসের প্লাবনে ভাসাতে চায়, ভেঙে দেয় যত বাঁধ, ফাল্গুন ডাকে ঘন ঘন বৈশাখে; মেরুদণ্ডে বাকিরা বেঁধেছে লাঠি।বৃহন্নলারা ঘরে ঘরে মোতায়েন,

কবিতা -  স্বাধীন সত্তার সুখ,  কুর্ণিশ, আত্মোৎসর্গ

কবিতা ৬ই মার্চ ২০২২

স্বাধীন সত্তার সুখ
কুর্ণিশ
আত্মোসর্গ

 

স্বাধীন সত্তার সুখ 

   প্রবীর ভদ্র               


পুরুষ সাজায় বাগান, নারী দেয় ফুল ফল
সুঘ্রাণে ভরে প্রাণ, দু'চোখে আনন্দধারা।
পুরুষ ও নারী জীবনের এপিঠ ওপিঠ
কালচক্রের ঘূর্ণিতে পড়ে ভিন্ন তারা।


ফুলের সুগন্ধ আসে---ওড়ে তাই মৌমাছি-মন
নারী-শরীরের ঘ্রাণ বাতাসে ভাসে
তার মননের ফুল---ফোটে শুধু প্রতিদিন,
মৃত্যুর কাছে এসে তবু---শৈশব কাটেনা---
আদরের বেড়ি নয় চায় মুক্ত ডানা---
মানুষের মনের আকাশে ভাসবে সে,
স্বাধীন সত্তার সুখ প্রার্থিত তার,
চিরকাল খুঁজে চলে দুর্লভ ঠিকানা।

 

কুর্ণিশ 


নির্মাল্য দাশগুপ্ত


আড়িপাতারাই বহাল রয়েছে প্রত্যেক মোড়ে মোড়ে,
আজকে সবাই কবন্ধের বেশে ঘোরে;
ঘরে-দোরে শুধু নিত্য ত্রাসের শব
আনাচে কানাচে উঁকি দেয় দেখ হায়নার মত ভয়,


নির্বোধ নদী মানে না বারণ কারো,
জলোচ্ছাসের প্লাবনে ভাসাতে চায়,
ভেঙে দেয় যত বাঁধ, ফাল্গুন ডাকে
ঘন ঘন বৈশাখে; মেরুদণ্ডে বাকিরা 
বেঁধেছে লাঠি।বৃহন্নলারা ঘরে ঘরে মোতায়েন,


নিছক সময়ে প্রয়োজন কড়া নাড়ে,
অতন্দ্র প্রহরী যাদের থাকার কথা,
প্রচ্ছন্ন বেশে অকারণ ঘূণ কাটে,
লোভের থালায় নিয়ে যায় টাকা ঠেসে,
কেউ নেই জেনে নদীটাই ফিরে আসে,
পাশে দাঁড়াবার অলঙ্ঘ্য জেদ নিয়েই,
বারবার আসে সব বাঁধ ভেঙে দিয়েই ;
যত দাও বেড়ী, শৃঙ্খল দাও হাতে,
জেনো মৃত্যুই লেখা থাকে সব বুকে।

 

আত্মোসর্গ

 

হারান মন্ডল

 

তুমিও তো একদিন ছিলে ক্ষুদ্র , নগণ্য
তারপর ক্ষমতা পেতেই হয়ে উঠলে রক্তপিপাসু ,ভোগী
তুমি হয়তো ভুলে গেছো , আজ তুমি ক্ষমতাবান যাঁদের জন্য
তারা আজও অসহায় , নিরন্ন । আর তুমি ? -- ভন্ড যোগী ।

 

যে মাটিতে একদিন কৃষকেরা চেয়েছিল শিল্প , জীবন-জীবিকা
তা আজও  বন্ধা-অনুর্বর-মরুভূমি , যেন শতাব্দীর নিষ্ঠুর পরিহাস ।
প্রতারণার ছলনায় শত শত পরিবার ভুলেছে জীবনধারণের তরিকা ।
শিক্ষা-স্বাস্থ্য-চাকরি-অধিকার সবই আজ আইনের গেরোয় হাঁসফাঁস ।

 

অন্যায়-ঔদ্ধত্য মেনে নিয়ে যারা আজও মুখোশধারী , প্রতিবাদহীন 
যারা ক্ষমতার দম্ভে কেড়ে নিচ্ছে  অর্জিত স্বাধীনতা , নাগরিক অধিকার 
তাদের বিরুদ্ধে সুদীপ্ত-মঈদুল-আনিসদের বলিদান কখনই হবে না মলিন 
যতবার তুমি তাঁদের  করবে মুন্ডুছেদন , জেনো , ধড়ের ওপর তাঁদের  মাথা গজাবে  ততবার । 

 

চিত্র - সংগৃহীত

 

 

Your Opinion

We hate spam as much as you do