ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুইজন পুরুষ ওই নির্যাতিতা কিশোরী মেয়েটিকে মেঝেতে চেপে ধরে রেখেছে। একটি লাঠির উপর তার দুটি পা তুলে রাখা হয়েছে। তৃতীয় এক পুরুষ আরেকটি লাঠি দিয়ে সজোরে তার পায়ের তলায় আঘাত করেই চলেছে।
যোগীরাজ্যে দলিত কিশোরীর নির্মম নির্যাতন, প্রতিবাদ দেখাতে গিয়ে আটক কংগ্রেস সভাপতি
বছর ঘুরলেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই নিজেদের মত করে রণকৌশল তৈরি করছে রাজনৈতিক দলগুলি। এবার নির্বাচনে উত্তর প্রদেশ জয়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। পিছিয়ে নেই বিরোধী রাজনৈতিক দলগুলিও। বিজেপির বিরুদ্ধে সবরকমের চেষ্টা চালাচ্ছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলি।
বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এবার পুলিশের হাতে আটক হলেন, উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু। অমেঠিকে ১৬ বছর বয়সী এক দলিত কিশোরীকে নৃশংস অত্যাচার মারধরের প্রতিবাদে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন লাল্লুর নেতৃত্বাধীন কংগ্রেস কর্মীরা। রাজ্যের কংগ্রেস সভাপতির নেতৃত্বে কংগ্রেস কর্মীরা রামলীলা ময়দান থেকে বিক্ষোভ শুরু করেন, রাজীব গান্ধী ট্রাই সেকশনে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। সেখানেই তারা বিজেপি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। সেই সময়ই কংগ্রেস সভাপতি লাল্লুকে গ্রেফতার করে পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুইজন পুরুষ ওই নির্যাতিতা কিশোরী মেয়েটিকে মেঝেতে চেপে ধরে রেখেছে। একটি লাঠির উপর তার দুটি পা তুলে রাখা হয়েছে। তৃতীয় এক পুরুষ আরেকটি লাঠি দিয়ে সজোরে তার পায়ের তলায় আঘাত করেই চলেছে। জানা গিয়েছে, মেয়েটির বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়েছিল। ভিডিওতে, তিন মহিলাকেও দেখা গিয়েছে। তারা মারধরে অংশ না নিলেও, ওই অসহায় মেয়েটিকে চুরির বিষয়ে প্রশ্ন করতে শোনা গিয়েছে। মেয়েটি ব্যথায় চিৎকার করে উঠলেও অত্যাচার থামেনি। বরং, এক পর্যায়ে, এক অভিযুক্ত পুরুষকে মেয়েটিকে মেঝেতে আছড়ে ফেলে, তার চুলের মুঠি ধরে নৃশংসভাবে নাড়াতে দেখা গিয়েছে।
ঘটনার ভিডিওটি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে পুলিশ। আমেঠি পুলিশের (Amethi Police) পক্ষ থেকে এই বিষয়ে সার্কেল অফিসার অর্পিত কাপুরের বিবৃতি টুইট করা হয়েছে। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায়, তারা যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন বা বা পকসো-তে (POCSO) এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের (SC/ST Prevention of Atrocities Act) অধীনে মামলা দায়ের করা হয়েছে।
অমেঠি পুলিশ সুপার দীনেশ সিং জানিয়েছেন, বিনা অনুমতি বিক্ষোভ প্রদর্শন করা এবং রাস্তা আটকে বসে পড়ার কারণেই কংগ্রেস সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। কংগ্রেস সভাপতি এই গ্রেফতারির প্রতিবাদে স্বাভাবিকভাবেই কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া এসেছে। উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে বিজেপিকে চরম আক্রমণ করেছেন। প্রিয়াঙ্কার দাবি, আটক হওয়া কংগ্রেস নেতা কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হবে।
অমেঠির এক দলিত কিশোরীকে মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রাহুল সোনি, সুরজ সোনি এবং শুভম গুপ্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নির্যাতিত কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়ছে। অভিযুক্ত ৩ জনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে বলেই খবর।
প্রসঙ্গত, ভোটমুখী উত্তর প্রদেশে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচির উদ্বোধনের জন্য ঘনঘন গোবলয়ের রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ঘটনা নিয়ে বারবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যোগী আদিত্যনাথের ওপরই আস্থা রাখছেন সেই কথা স্পষ্ট হয়েছে। কিশোরী নির্যাতের ঘটনায় আবারও সেই যোগী প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠল। আগামী বিধানসভা নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজ্যের জনগণ বিজেপি তথা যোগীর ওপর আস্থা রাখে কিনা সেটাই এখন দেখার।
We hate spam as much as you do