সর্বোচ্চ আদালতে বিষয়টি বিবেচনাধীন হওয়া সত্ত্বেও গুজরাট হাইকোর্ট কী করে পদোন্নতির সুপারিশ এবং রাজ্য সরকার সে–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে—তা নিয়ে সুপ্রিম কোর্ট বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
গুজরাটে রাহুলকে সাজা দেওয়া বিচারক সহ ৬৮ জনের পদোন্নতি স্থগিত
12 May 2023
ভারতের সুপ্রিম কোর্ট ভবনভারতের সুপ্রিম কোর্ট ভবন
ভারতের গুজরাটে মোদি পদবি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সাজা দেওয়া বিচারকসহ মোট ৬৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছিল। তবে আজ শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ ও বিচারপতি সি টি রবিকুমার সেই পদোন্নতি স্থগিত করলেন।
রাহুলের মামলাটি সুপ্রিম কোর্টের বিবেচনাধীন হওয়া সত্ত্বেও পদোন্নতির সিদ্ধান্ত নেওয়ায় সর্বোচ্চ আদালত গুজরাট সরকারের কড়া সমালোচনা করেন।
গত ২৩ মার্চ গুজরাটের সুরাট নিম্ন আদালতের বিচারক হরিশ হাসমুখ ভার্মা মোদি পদবি মামলায় রাহুল গান্ধীকে অপরাধী ঘোষণা করে দুই বছরের কারাদণ্ডের রায় দেন। এরপর তাঁর সঙ্গে আরও ৬৭ বিচারককে জেলা আদালতে পদোন্নতি দেওয়া হয়। সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পদোন্নতিবঞ্চিত কিছু বিচারকসহ অন্যরা।
সর্বোচ্চ আদালতে বিষয়টি বিবেচনাধীন হওয়া সত্ত্বেও গুজরাট হাইকোর্ট কী করে পদোন্নতির সুপারিশ এবং রাজ্য সরকার সে–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে—তা নিয়ে সুপ্রিম কোর্ট বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
আজ শুক্রবার গুজরাট হাইকোর্টের সুপারিশ ও রাজ্য সরকারের নির্দেশনামা স্থগিত করে বিচারপতি শাহ ও বিচারপতি রবিকুমারের ডিভিশন বেঞ্চ বলেন, পদোন্নতি পাওয়া প্রত্যেক বিচারককে আগের পদে ফেরত যেতে হবে।
দুই বিচারপতি বলেন, এই স্থগিতাদেশ সাময়িক। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। বিচারপতি শাহ ১৫ মে অবসরে যাচ্ছেন। প্রধান বিচারপতিকে তিনি মামলাটি উপযুক্ত বেঞ্চে পাঠানোর অনুরোধ করেছেন।
We hate spam as much as you do