ত্রিপুরার ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুরে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি ভোটারদের আটকাচ্ছে বলে পথ অবরোধ করে প্রতিবাদ দেখানো হয়। পরে অবশ্য নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর জওয়ান ও পুলিশকর্মীরা এসে বিক্ষুব্ধ ভোটারদের বুথে নিয়ে যান।
ত্রিপুরার নজরকাড়া ভোটে অশান্তি বাধাদান, হাসপাতালে ১
16 Feb 2023,
শুরু হয়ে গেল ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে যাবতীয় ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। সে রাজ্যের ৬০ আসনে এবার ত্রিমুখী লড়াই হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিজেপি ও তার সহযোগী আইপিএফটির সঙ্গে বাম কংগ্রেসের জোটের জোর টক্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। এরই সঙ্গে ময়দানে রয়েছে তিপ্রা মথা।
১১০০টি বুথে ভোটার সংখ্যা ২৮.১৩ লাখ
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে ৩৩৩৭টি বুথে ভোটগ্রহণ হবে আজ। তার মধ্যে ১১০০টি বুথ স্পর্শকাতর ও ২৮টি অতি স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২৮.১৩ লাখ ভোটার রয়েছেন। তার মধ্যে ১৩.৯৮ লাখ মহিলা ও ১৪.১৪ লাখ পুরুষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৭জন।
বিজেপি ৫৫টি আসনে লড়ছে। তার সহযোগী প্রার্থী দিয়েছে ৬টি আসনে। এদিকে এবার বাম কংগ্রেসের মধ্যে আসন বোঝাপড়া হয়েছে ত্রিপুরায়। বামেরা এবার ৪৭টি আসনে প্রার্থী দিয়েছেন। ১৩টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এদিকে ৪৭টি আসনের মধ্যে ৪৩টি আসনেই প্রার্থী দিয়েছে সিপিআইএম। বাকি আসনে বাম শরিকরা প্রার্থী দিয়েছে।
২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। তিপরা মোথা দল ৪২টি আসনে এককভাবে প্রার্থী দিয়েছে।
ভোটারদের আটকানোর অভিযোগ, পথ আটকে অবরোধ হয়। ত্রিপুরার ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুরে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি ভোটারদের আটকাচ্ছে বলে পথ অবরোধ করে প্রতিবাদ দেখানো হয়। পরে অবশ্য নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর জওয়ান ও পুলিশকর্মীরা এসে বিক্ষুব্ধ ভোটারদের বুথে নিয়ে যান।
ত্রিপুরায় বিরোধীদের দাবি, বিজেপি কর্মীরা আম নাগরিকদের ভোট দিতে বাধা দিচ্ছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পালটা দাবি, বাম-কংগ্রেস জোটের ক্যাডাররা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।
শান্তিবাজারেও অশান্তির অভিযোগ উঠল। বিরোধীদের মারধর এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের কর্মীদরে বিরুদ্ধে। এই আবহে সেখানে বিরোধীরা পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে ভোটগ্রহণ চলাকালীনই।
এরই মধ্যে ভোটের হার আপডেট করল নির্বাচন কমিশন, ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৩.২৩ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরার সব আসনে। এর আগে ওয়েবসাইটে দেখানো হচ্ছিল, সকাল ৯টা পর্যন্ত ১২.৭৬ শতাংশ ভোট পড়েছে। এমনিতে ভোটের হার বেশ ভালো বলেই মনে করা হচ্ছে। তবে বিভিন্ন জায়গায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা।
আক্রান্ত হলেন দুই সিপিআইএম কর্মী।
শান্তিবাজারে অশান্তি নিয়ে সরব বামেরা। অভিযোগ, সেই বিধানসভা কেন্দ্রের কালাছড়াতে দুই সিপিএম কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীদের হাতে। উল্লেখ্য, শান্তিরবাজার নিয়ে গতকালই জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বামেরা।
শান্তিবাজারে সিপিআই কর্মীকে মারধরের ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করল। এক জখম বাম কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খয়েরপুর বিধানসভা কেন্দ্রে ভোটারদের আটকানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ধনপুরের পর এবার পুরনো আগরতলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নাথপাড়া এলাকায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ভোটারদের বুথে যাওয়া থেকে বিরত রাখতে লাঠি দিয়ে মারধর করা হয়। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।
ভোট দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিধানসভার প্রধান বিরোধী দলনেতা মানিক সরকার। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির মাঝেই নিজের বুথে গিয়ে ভোটদান করেন মানিকবাবু।
২০১৮ সালের নির্বাচনের হিসেব
এর আগে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৩৬টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বিজেপি। জোটসঙ্গী আইপিএফটি পেয়েছিল ৮টি আসন। ১৬টি আসনে পেয়ে বিরোধী হয়েছিল বামেরা।
ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিতে জানিয়েছেন, রাজ্যে ভোট চলাকালীন যাতে কোনও হিংসা না হয়, তা নিশ্চিত করা হবে। এর জন্যই ভোট নিরাপত্তার দায়িত্বে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামনো হয়েছে। এর মধ্যে ২৫৯ কোম্পানি সিআরপিএফ।
আদিবাসী অধ্যুষিত অন্তত ২০টি বিধানসভায় খেলা ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। গতবার এই আসনগুলির মধ্যে বেশ কয়েকটিতেই জয় পেয়েছিল বিজেপির জোটসঙ্গী আইপিএফটি। তবে এবার তিপ্রা মোথা এই আসনগুলিতে নিজেদের প্রভাব বিস্তার করেছে। এর ফলে এই ২০ আসনই শেষ পর্যন্ত ফলাফলের ভাগ্য নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।
বিরোধী বাম-কংগ্রেস জোট এবং তৃণমূলের তরফে শাসক বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হয়েছে গতকাল থেকেই। দুই পক্ষেরই দাবি, বিজেপি ভোটারদের ভয় দেখাচ্ছে। যদিও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ত্রিপুরার ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করলেন। এবার বামেদের সঙ্গে জোট গড়ে ভোটে লড়ছে কংগ্রেস।
We hate spam as much as you do