Tranding

04:03 PM - 22 Mar 2026

Home / Others / "লুঠেরা তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপিকে" পরাস্ত করতে বামফ্রন্টের নির্বাচন ইস্তাহার

"লুঠেরা তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপিকে" পরাস্ত করতে বামফ্রন্টের নির্বাচন ইস্তাহার

"লুঠেরা তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপিকে" পরাস্ত করতে বামফ্রন্টের নির্বাচন ইস্তাহার

"লুঠেরা তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপিকে" পরাস্ত করতে বামফ্রন্টের নির্বাচন ইস্তাহার

  
21 Jun 2023  

 আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বামফ্রন্ট। তৃণমূল-বিজেপিকে এক যোগে আক্রমণ করে বামেদের ইস্তাহারে উঠে এসেছে, 'সব পেটে ভাত, সব হাতে কাজ' এর কথা। 'তৃণমূল বিজেপি দূর করো, লুঠতরাজ বন্ধ করো, জনগণের পঞ্চায়েত গড়ো' বার্তা দেওয়া হয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য।

দশম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘‘১৯৭৭ সালে ২১ জুন প্রথম বামফ্রন্ট সরকার যখন গঠন হয় তখন জ্যোতি বসু ঘোষণা করেছিলেন যে, শুধু মহাকরণ থেকে নয় গ্রাম বাংলার পঞ্চায়েত, পৌরভার মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করে সরকার কাজ করবে।’’ বসু বলেন, ‘‘গ্রামীণ উন্নয়নের কর্মসূচি মানুষের সাথে আলোচনা করে করা হতো। গ্রাম পঞ্চায়েত গুলির সাথে পঞ্চায়েত সমিতি একসাথে আলোচনা করে প্রকল্প ঠিক করতো। জনস্বাস্থ্য হোক বা রাস্তা সব কিছু আলোচনার মাধ্যমে ঠিক করা হতো। এটা ধারা ছিল। কিন্তু রাজ্যে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর থেকে ধীরে ধীরে সেই ধারা নষ্ট হয়েছে, পঞ্চায়েত এখন করে খাওয়ার জায়গায় পরিণত হয়েছে।’’ 

বামেদের ইস্তাহারে উঠে এসেছে, রাজ্যে আইনের পুনঃ প্রতিষ্ঠা, অঙ্গনওয়াড়ি, আশা কর্মীদের অধিকার আদায়, প্রতি গ্রামে পানীয় জল সরবরাহ, উন্নত স্বাস্থ্য পরিষেবা, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, মিড ডে মিল, পঠনপাঠনে বিশেষজ্ঞের মতামত, গ্রামে খামার পাঠশালা, ১০০ দিনের বদলে ২০০ বা ৩০০ দিনের কাছের ব্যবস্থা করা, পরিযায়ী শ্রমিকদের পোর্টাল, লোকায়ত সংস্কৃতি সংরক্ষণ, রাস্তাঘাট উন্নয়নের কথা উঠে এসেছে।


ত্রিস্তর নির্বাচনে এবার সিপিএম মোট ৪৮৬৪৬টি আসনে প্রার্থী দিয়েছে। এছাড়াও বাম শরিকরা আরও প্রায় হাজার দুয়েক প্রার্থী দিয়েছে গ্রাম পঞ্চায়েত, সমিতি, জেলা পরিষদের আসনে। তবে গতবারের প্রার্থী সংখ্যার থেকে এবার বামেদের প্রার্থী সংখ্যা অনেকটাই বেশি। সেই আশাতেই বুক বাঁধছে বামেরা। এমনকি অনেক জায়গাতেই শাসক দলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ এলেও লাঠিসোটা নিয়ে রুখে দাঁড়াতে দেখা গিয়েছে বাম কর্মী, সমর্থকদের।

 

পরিসংখ্যান বলছে, গতবার পঞ্চায়েত নির্বাচনে তিনটি স্তর মিলিয়ে মোট ২০ হাজার ৫৬০ টি আসনে প্রার্থী দিতে পেরেছিল বামেরা। সেখানে এবার প্রায় ২০ হাজার বেশি আসনে প্রার্থী দিতে সক্ষম হয়েছে। যার জন্য অনেকটাই ভালো ফলের আশা করছে বামেরা। পাশাপাশি, গ্রামে গ্রামে আবাস যোজনা, ১০০ দিনের কাজ থেকে শুরু করে পানীয় জল, রাস্তাঘাটের সমস্যা শাসক দলের প্রতি যে ক্ষোভ তৈরি করেছে, সেটাকে নিজেদের সমর্থনের দিকে টেনে আনার জোর প্রচার শুরু করা হয়েছেন বামেদের তরফে। ইতিমধ্যে রাজ‍্যে পঞায়েতে জীবন চলে যাওয়া মানুষের সংখ্যা বেশি ।


নির্বাচনী ইস্তাহারে বামফ্রন্ট সরকার পঞ্চায়েত ব্যবস্থার উন্নতির জন্য। গ্রামীণ এলাকার উন্নতির জন্য কী কি কাজ করেছে তা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। বিমান বসু বলেন, ‘‘গ্রামীণ উন্নয়নের জন্য বামফ্রন্ট সরকার যেই যেই কর্মসূচি গ্রহন করেছিল তা আমরা ইস্তাহারে উল্লেখ করেছি। তার সাথে মানুষের কাছে আবেদন করেছি লুঠেরা তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করার জন্য।’’
বামফ্রন্ট পরিচালিত পঞ্চায়েতের বিকল্প কর্মসূচি কী হবে তা উল্লেখ করা হয়েছে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে। শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা সহ সাতটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে। বামফ্রন্ট চেয়ারম্যানের কথায়, ‘‘সাতটি পয়েন্টের মাধ্যমে ইস্তাহারে আমরা তুলে ধরেছি বিকল্প পঞ্চায়েত কী কী কাজ করবে। মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠা হয় সেই বিষয় আমরা জোর দিয়েছি।’’


তিনি বলেন, ‘‘মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। মানুষের ঐক্য তৈরি হচ্ছে দৌরাত্ম বন্ধ করার জন্য।’’
উল্লেখ্য এবারের নির্বাচনী ইস্তেহারে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে বামফ্রন্ট।
এদিন বিচারপতি সিনহা উলুবেড়িয়া-১নং ব্লকের বিডিও'র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই বিষয় প্রশ্ন করা হলে বিমান বসু বলেন, ‘‘সঠিক সিদ্ধান্ত। বেমালুম বিকৃত হয়েছে। সব সরকারি আধিকারিকরা এর সাথে যুক্ত রয়েছে তা বলা উচিত হবে না। কিন্তু আধিকারিকদের একাংশ এই বিকৃতির সাথে যুক্ত।’’ 


 
গতকাল দাশপুরে সিপিআই(এম) প্রার্থীকে পুলিশ জোর করে তুলে নিয়ে যায় মনোনয়ন প্রত্যাহার করার জন্য। বসু বলেন, ‘‘সরকার না বললে পুলিশ কখনও এই কাজ করতে পারে না। তৃণমূল জানে তারা যদি এই কাজ করতে যায় তাহলে মানুষের রোষের মুখে পড়তে হবে। তাই পুলিশ, সিভিক পুলিশদের এই কাজে ব্যবহার করছে শাসক দল।’’ বিমান বসু আরও বলেন, ‘‘আদালত আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে। প্রশাসন কোন কিছু করছে না। এটা একটা নির্বাচিত সরকারের জন্য লজ্জার।’’


এদিন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ফেসবুকে লিখেছেন যে তিনি বিরোধী শূন্য পঞ্চায়েত চান। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিমান বসু বলেন, ‘‘যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেন বিরোধী শূন্য দেখতে চান সব কিছু সেখানে তার মন্ত্রী সভার সদস্যের মুখে এই কথা শুনলে অবাক হওয়ার কিছু নেই।’’ মহম্মদ সেলিম বলেন, ‘‘২০১৮ সালে শুভেন্দু (অধিকারী) তৃণমূলের হয়ে বলেছিল বিরোধী শূন্য পঞ্চায়েত হলে পাঁচ কোটি টাকা দেওয়া হবে। মালদা, মুর্শিদাবাদে শুভেন্দুর নেতৃত্বে একের পর এক পঞ্চায়েত বিরোধী শূন্য করা হয়।’’

Your Opinion

We hate spam as much as you do