অর্থনীতি ছন্নছাড়া চায়ের দামও লাগামহীন, বাউলগানে বসন্ত যায় হাওয়ায় হাওয়ায় বাজে বীণ
২টি কবিতা ও অনুগল্প newscopes.in 25th july 2021
সজল শ্যাম
সৌম্য ঘোষাল
হারান মন্ডল
দুটি পাতা একটি কুঁড়ি
সজল শ্যাম
উঁচু নীচু পাহাড় টিলা দৃশ্য চোখে সতেজ তুমি,
দুটি পাতা একটি কুঁড়ি নিবিড় সবুজ বনভূমি ,
তৃপ্তি আনে হিমেল দিনে এক চুমুকে আহা ,
সব সাময়িক আরামদায়ক সুহৃদ হৃদয় বাহা ।
বন্ধু তুমি জীবনযুদ্ধে যুদ্ধকালীন শিস ,
এক চুমুকে শত্রুজয়ে অমৃত না বিষ !
সূর্যগামী চরণ তোমার নভশ্চারী মন,
দুধের সঙ্গে লিকার, চিনি যেমন তেমন ।
চায়ের লিকার রোগ তাড়াবে যুক্তি তর্ক বিস্ফোরণে,
কেউ রাখেনা কারো খবর একলা ঘরে সংগোপনে,
অর্থনীতি ছন্নছাড়া চায়ের দামও লাগামহীন,
বাউলগানে বসন্ত যায় হাওয়ায় হাওয়ায় বাজে বীণ !
সুসংবাদে প্রস্তাবনায় ঘুমতাড়ানি আয়োজনে ,
গুমোট আকাশ মেঘলা দ্বীপে উষ্ণ চায়ের আমন্ত্রণে,
গরীব-গুর্বো চাষী মজুর স্বপ্ন দেখা বড়ে মিঁয়া,
সাম্য সুখের এক ঠিকানা গরম চায়ে চুমুক দিয়া ।
প্রণয় বাঁশির সুরে সুরে দুটি পাতা একটি কুঁড়ি,
হৃৎপিণ্ডের কান্না থামায় নামে যখন ইলশে গুঁড়ি ।
সিগার টানা লেখার টেবিল,রুটিন মাফিক চা পেয়ালা
প্রাণবন্ত আত্মীয়তায় পদাবলীর বর্ণমালা ।
অণুগল্প "রোজগার"
সৌম্য ঘোষাল
সাতটা পনেরোর গ্যালপিংটা ফস্কে সাড়ে আটটায় আয়া সেন্টারে পৌছে
কাজ নেই শুনে স্টেশনধারে রাজমিস্ত্রিদের জোগাড়ের কাজের খোঁজে সাড়ে
দশটা অবধি,সেখানেও কিছু জুটলো না দেখে হাঁটতে হাঁটতে
শোভাবাজার মোড়,ওড়না দিয়ে ঘাম মুছে একটা ল্যাম্প পোস্টে
হেলান দিয়ে দাঁড়ালো ,জীবনে প্রথম ,যদি কিছু জোটে,সোমবার রথ,
ছেলেটা একটা রথ কেনার বায়না করছে,
তিনশো চারশো টাকা রোজগার হলে হয়ে যাবে।
আবছা আলোয়
হারান মন্ডল
হিংসায় বাড়ছে শত্রুতা
হিংস্রতায় আদিম বন্যতা
শালীনতা বেআব্রু , রুচিহীন সংস্কৃতির
উদ্দাম বহর নামে গভীর রাতে ।
ফুটপাতে অনাহারে শায়িত প্রসূতির
নবজাতকেরা রুগ্ন অপুষ্টিতে ।
বিষ্ফোরণে অগ্নিকাণ্ড হচ্ছে রোজ
পুড়ে যাচ্ছে জীবন-জীবিকা
অর্ধাহারে দিনরাত তাই কাজের খোঁজ
বাঁচা মরার মাঝে এখন শুধু কালোবাজারি
আর ভুয়ো টিকা
We hate spam as much as you do