ক্ষুদিরামের বয়স তখন তের-চৌদ্দ বছর হবে। একদিন হেমচন্দ্র কানুনগো মেদিনীপুরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ক্ষুদিরাম তাকে দেখে দৌড়ে এসে তার বাইক আটকালেন; বললেন, “আমাকে একটা রিভলবার দিতে হবে।” হেমচন্দ্র অচেনা অজানা একটা ছোকরার থেকে এই ধরনের আবদার শুনে স্বাভাবিকভাবেই বিরক্ত হলেন। জিজ্ঞেস করলেন, “তুই রিভলবার দিয়ে কি করবি?” ক্ষুদিরাম জবাব দিলেন, “সাহেব মারবো।” এরপর তিনি ইংরেজদের অত্যাচার-নির্যাতনের কাহিনি বলে কেন সাহেব মারবেন সেসব যুক্তি দিতে শুরু করলেন। হেমচন্দ্র সেদিন তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিলেও তার প্রেরণা দেখে অভিভূত হয়েছিলেন।
১৩৫তম জন্মদিবসে অগ্নিসন্তান বিপ্লবী ক্ষুদিরাম
৩রা ডিসেম্বর ২৩
ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম বাঙালি শহীদ অগ্নিসন্তানের নাম ক্ষুদিরাম বসু। তিনি উপলব্ধি করেছিলেন জীবনের মর্যাদা প্রতিষ্ঠা করতে প্রয়োজনে জীবন দিতে হয়। ঠিক তাই করেছিলেন, হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করার মধ্য দিয়ে। আজ ৩রা ডিসেম্বর ক্ষুদিরাম বসুর ১৩৫তম জন্মবার্ষিকী ।
১৮৮৯ সালের ৩ ডিসেম্বর বাঙালি জাগরণের এই বিপ্লবী ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় ক্ষুদিরাম জন্মগ্রহণ করেন। পুরো জীবনের মতো শৈশবটাও সহজ ছিল না ক্ষুদিরামের। ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়েছেন, বড় হয়েছেন আত্মীয়ের বাড়িতে।
জানা যায়, পিতার রেখে যাওয়া দেনা শোধ ও বোনদের বিয়ে দেওয়ার খরচে যোগাতে গিয়ে হারাতে হয়েছিল সম্পত্তিটুকু। সহায় সম্বলহীন অনাথ ক্ষুদিরাম আত্মীয়ের বাড়িতে নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠেন। ছোটবেলা থেকেই সমাজ কর্তৃক নিগৃহীত হয়েছিলেন বলেই হয়তো নির্যাতিতের প্রতি এতোটা দরদ অনুভব করতে পারতেন মানবতাবাদী এই বিপ্লবী।
শৈশব থেকেই দুরন্ত ও বেপরোয়া প্রকৃতির ছিলেন ক্ষুদিরাম। এই দুরন্তপনার সাথে বিপ্লবী চেতনার ছোঁয়া পেয়ে ক্ষুদিরাম যেন এক অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ওঠেন। বাংলায় গুপ্ত সংঘের প্রতিষ্ঠাতা সদস্য হেমচন্দ্র কানুনগোর সাথে ক্ষুদিরামের প্রথম সাক্ষাতের সূত্র পাওয়া যায়। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের বেশ গুরুত্বপূর্ণ পর্যায়।
এ পর্যায়ে এসে ভারতীয়দের একাংশ অহিংস আন্দোলনের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। এদিকে তখন আফ্রিকায় অ্যাংলো-বুয়র যুদ্ধ চলছে। বুয়রদের হাতে ইংরেজ সৈন্যদের নাকানি-চুবানি খেতে দেখে ভারতীয়রাও আশার প্রদীপ দেখতে পায়। বুয়রদের থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে গড়ে উঠতে শুরু করে ‘সিক্রেট সোসাইটি’ বা গুপ্ত সংঘ।
দেশের স্বাধীনতার জন্য সংঘের যেকোনো আদেশ মানতে বাধ্য থাকবেন মর্মে গুপ্ত সংঘের সদস্যরা ধর্মগ্রন্থ হাতে নিয়ে মরণ-শপথ নিতেন। সংঘের বিরুদ্ধে বিদ্রোহের শাস্তি ছিল মৃত্যুদণ্ড। প্রথম দিকে সংঘের সদস্যরা মূলত ব্রিটিশ বিরোধী জনমত গঠনের চেষ্টা করতেন। এছাড়া বিভিন্ন শারীরিক কসরত, অস্ত্রচালনা ইত্যাদি চর্চা করতেন তারা। তবে বঙ্গভঙ্গের পূর্বে তাদের কর্মকাণ্ড ততটা উল্লেখযোগ্য ছিল না। বড়লাট লর্ড কার্জন ১৯০৩ সালের ডিসেম্বরের দিকে বঙ্গভঙ্গের প্রস্তাব পেশ করেন। এ প্রস্তাব অনুসারে কলকাতাকে কেন্দ্র করে ‘পশ্চিম বাংলা’ ও ঢাকাকে কেন্দ্র করে ‘পূর্ব বাংলা ও আসাম’ নামে দুটি প্রদেশ গঠনের প্রস্তাব দেওয়া হয়।
১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ আইন কার্যকর হলে তারা বঙ্গভঙ্গ রদের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলেন।
বঙ্গভঙ্গ রদ যখন নিয়মতান্ত্রিক আন্দোলনের দ্বারা সম্ভব হচ্ছিল না, তখন আন্দোলনকারীরা ‘স্বদেশী আন্দোলনের’ ডাক দেন। তারা সকল বিলেতি পণ্য বর্জন ও তার বদলে স্বদেশে উৎপন্ন দ্রব্যাদি ব্যবহার করার আহ্বান জানান। বিভিন্ন অঞ্চলে প্রকাশ্যে বিলেতি পণ্য পুড়িয়ে দেওয়া শুরু হয়, আর এদিকে বাজারে আসতে শুরু করে দেশীয় লবণ, চিনি, তাঁতবস্ত্র, চামড়ার তৈরি দ্রব্য ইত্যাদি। এছাড়া সাহিত্য, শিক্ষা ইত্যাদি বিষয়েও স্বদেশী আন্দোলনের প্রভাব ছিল লক্ষণীয়।
এ সময় বিপ্লবী আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তারা স্বদেশী আন্দোলনের এ মোক্ষম সুযোগটিকে কাজে লাগাতে সচেষ্ট হন। তারা বাংলার জনতার মধ্যে বিদ্যমান ইংরেজ বিদ্বেষকে কাজে লাগিয়ে, বিপ্লবী চেতনার সমর্থনে মানুষকে যুক্ত করার জন্য নিজেদের প্রচার কাজ চালিয়ে যান। এ সময়েই মেদিনীপুর থেকে বিপ্লবী দল যুগান্তরে কর্মী হিসেবে যোগ দেন বাঙালির ইতিহাসের অগ্রনায়ক ক্ষুদিরাম বসু।
ক্ষুদিরামের বয়স তখন তের-চৌদ্দ বছর হবে। একদিন হেমচন্দ্র কানুনগো মেদিনীপুরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ক্ষুদিরাম তাকে দেখে দৌড়ে এসে তার বাইক আটকালেন; বললেন, “আমাকে একটা রিভলবার দিতে হবে।” হেমচন্দ্র অচেনা অজানা একটা ছোকরার থেকে এই ধরনের আবদার শুনে স্বাভাবিকভাবেই বিরক্ত হলেন। জিজ্ঞেস করলেন, “তুই রিভলবার দিয়ে কি করবি?” ক্ষুদিরাম জবাব দিলেন, “সাহেব মারবো।” এরপর তিনি ইংরেজদের অত্যাচার-নির্যাতনের কাহিনি বলে কেন সাহেব মারবেন সেসব যুক্তি দিতে শুরু করলেন। হেমচন্দ্র সেদিন তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিলেও তার প্রেরণা দেখে অভিভূত হয়েছিলেন।
ক্ষুদিরাম প্রথম আলোচিত হন ব্রিটিশ বিরোধী ‘সোনার বাংলা’ লিফলেট বিলি করতে গিয়ে। ১৯০৬ সালের ফেব্রুয়ারি মাসে মেদিনীপুরে এক কৃষি-শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। ক্ষুদিরাম সেই প্রদর্শনীর প্রবেশদ্বারে দাঁড়িয়ে সবার কাছে এই লিফলেট বিলি করতে শুরু করেন। এ সময় একজন পুলিশ কনস্টেবলের হাতে ধরাও পড়ে যান তিনি। কিন্তু ক্ষুদিরাম কি আর সহজে ধরা দেন? শোনা যায়, বক্সিং এর কেরামতিতে সিনেমার হিরোর মত সেদিন কনস্টেবলের নাক ভেঙে দিয়েছিলেন ক্ষুদিরাম, তবুও নিজেকে ছাড়াতে পারেননি।
আরেক বিপ্লবী সত্যেন্দ্রনাথ তখন কালেক্টরিতে এক ডেপুটির অফিসে কাজ করতেন। তিনি সেই প্রদর্শনীর সহকারী সম্পাদকও ছিলেন। ক্ষুদিরাম ধরা পড়লে পুলিশের কাছ থেকে তিনি তাকে কৌশলে ছাড়িয়ে নেন। এরপর যতক্ষণে পুলিশরা কৌশলটি ধরতে পারেন, ততক্ষণে ক্ষুদিরাম হাওয়া। এ ঘটনাকে কেন্দ্র করে সত্যেন চাকরি থেকে বরখাস্ত হন। আর ক্ষুদিরামের নামে ঠুকে দেওয়া হয় ‘রাজদ্রোহী মামলা’। সম্ভবত বিপ্লবীদের বিরুদ্ধে এটিই সর্বপ্রথম রাজদ্রোহী মামলা ছিল।
কিছুদিন ফেরারী থাকার পর সিদ্ধান্ত নেওয়া হয় ক্ষুদিরাম পুলিশের কাছে ধরা দেবেন। কিন্তু বিপ্লবীদের ভয় ছিল, হয়তো পুলিশের নির্যাতনের মুখে ক্ষুদিরাম তাদের কর্মকাণ্ডের কথা ফাঁস করে দেবেন। কিন্তু তাকে সব অত্যাচার নির্যাতনের গল্প অনেক অতিরঞ্জিত করে শুনিয়ে ভয় দেখানোর পরও, ক্ষুদিরাম নির্বিকারভাবে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হন। এতে বিপ্লবীরা নিশ্চিন্ত হন; তারা বুঝতে পারলেন যত যা-ই হোক, ক্ষুদিরাম কিছু ফাঁস করবে না। বাস্তবেও তা-ই হলো, পুলিশ অনেক চেষ্টার পরেও সেই ষোল বছরের কিশোরটির মুখ থেকে কিছুই বের করতে পারেনি।
ভারতের ছাত্র আন্দোলনের সূত্রপাত সাম্রাজ্যবাদ বিরোধিতার মধ্য দিয়ে। বৃটিশদের শাসন থেকে দেশকে মুক্ত করার অদম্য মানসিকতা সে দিনের ছাত্র সমাজকে আপোষহীন বিপ্লবী আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। এমনকি আমরা দেখেছি শিক্ষকদের প্রেরণাতেও বহু মেধাবী ছাত্র স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন।
ক্ষুদিরামেরা সেই অগ্নিগর্ভ সময়েরই সৃষ্টি। সে সময়ে তারুণ্যের প্রাবল্য আঘাত হানে অত্যাচারী শাসকের দুর্গে। অপরদিকে, শাসক শ্রেণি ও তাদের সুবিধা ভোগীরা ক্ষুদিরামদের ‘অবুঝ বালক’ হিসাবে চিহ্নিত করার প্রয়াস চালায়। তারুণ্যের শক্তিকে দমিয়ে রাখতে শত বছর পরও শাসক শ্রেণির সেই একই বাক্য ব্যবহার করে, যখন ছাত্র -যুবকরা অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে নতুন দিনের স্বপ্ন দেখায়। যখন স্বদেশী আন্দোলনও বঙ্গভঙ্গ রদে ব্যর্থ হয়, তখন বিপ্লবীরা সিদ্ধান্ত নেয় ‘অ্যাকশনে’ যাবার।
অ্যাকশন বলতে তখন ইংরেজ কর্তাব্যক্তিদের খুন ও বিপ্লবের অর্থ সংগ্রহের জন্য সরকারি কোষাগার বা কোনও ইংরেজের বাড়িতে ডাকাতি ইত্যাদিকে বোঝানো হতো। এই ‘অ্যাকশনের’ উদ্দেশ্য ছিল এসব হামলার খবর দেশব্যাপী দ্রুত ছড়িয়ে পড়বে, আলোচনা-সমালোচনা চলবে। দেশের মানুষের কাছে বিপ্লবীদের বার্তা পৌঁছে যাবে। আর যেহেতু দেশে ইংরেজ-বিদ্বেষী তখন প্রকট, তাই মানুষ একে সমর্থনও দেবে। এ পরিকল্পনার অনুযায়ী দেশব্যাপী বিপ্লবীদের সশস্ত্র হামলা শুরু হয়।
বিভিন্ন চোরাগোপ্তা হামলা ও পুলিশের সাথে সংঘর্ষ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠে। তবে এ সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য পরিকল্পনার মধ্যে ছিল গভর্নর ফুলার ও ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড হত্যাচেষ্টা। ১৯০৮ সালের দিকে এই ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড হত্যার দায়িত্ব ক্ষুদিরামের ওপর ন্যস্ত করা হয়। কিংসফোর্ড ছিলেন তখনকার ফৌজদারি আদালতের ম্যাজিস্ট্রেট। মামলায় বিপ্লবীদের বিরুদ্ধে কঠিনতম সাজা দেওয়ায় তার উপর ক্ষিপ্ত ছিলেন তারা।
ক্ষুদিরামের আগেও কিংসফোর্ডকে হত্যা করার অন্য একটি চেষ্টা করা হয়েছিল। একটি পুস্তকবোমা তৈরি করে তার কাছে পাঠানো হয়, এটি এমনভাবে সেট করা ছিল যে, বইটি খুললেই বোমাটি বিস্ফোরিত হয়ে যাবে। কিন্তু কিংসফোর্ডের কাছে বইটি পাঠানো হলে তিনি এটি খোলেননি। তিনি ভেবেছিলেন, হয়তো কেউ তার কাছ থেকে ধার নেয়া বই ফেরত দিয়েছে। তাই তিনি ওভাবেই রেখে দিয়েছিলেন এটি। এরপর দ্বিতীয়বার এ দায়িত্ব পড়ে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকীর কাঁধে।
মি. কিংসফোর্ড তখন মোজাফফরপুরের জজ। এপ্রিল মাসের শেষের দিকে ক্ষুদিরাম ও প্রফুল্লকে শিখিয়ে-পড়িয়ে পাঠানো হয় মোজাফফরপুর। একদিন সন্ধ্যায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে ক্ষুদিরাম ও প্রফুল্ল চলে গেলেন মোজাফফরপুরে। তারপর তারা কিংসফোর্ডের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করলেন। কিংসফোর্ড প্রতিদিন সন্ধ্যায় একটি সাদা ঘোড়ার গাড়িতে করে বাংলোয় ফেরত আসতেন। টানা সাত দিন নিয়মিত লক্ষ্য করার পর ক্ষুদিরাম ও প্রফুল্ল বুঝতে পারলেন, তাকে মারার জন্য এটিই সবচেয়ে মোক্ষম সুযোগ।
৩০শে এপ্রিল ১৯০৮, সন্ধ্যা ৮টা নাগাদ তারা দেখতে পেলেন সাদা ঘোড়ার গাড়িটি এগিয়ে আসছে বাংলোর দিকে। পরিকল্পনা মতো বোমা ছুঁড়ে মারলেন তারা। প্রচণ্ড বিস্ফোরণে চুরমার হয়ে গেল গাড়িটি। ক্ষুদিরাম ও প্রফুল্ল তাদের মিশন সফল ভেবে চলে আসলেন সেখান থেকে। কিন্তু তারা জানতেন না, সেই সাদা গাড়িটিতে সেদিন কিংসফোর্ড ছিলেন না। মিসেস এবং মিস কেনেডি নান্মী দুই ইংরেজ নারী নিহত হয়েছিলেন সেদিন।
তাদের বলা হয়েছিল ধরা পড়লে উকিলের সাথে পরামর্শ করা ব্যতীত যেন মুখ না খোলে। কিন্তু ক্ষুদিরাম ধরা পড়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে বীরের মত কৌশল না মেনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে অবশ্য সেখানে তিনি তার আর প্রফুল্ল ব্যতীত গুপ্ত-সংঘের কারো কথা উল্লেখ করেননি। বলেছিলেন সব পরিকল্পনা তারা দুজন মিলেই করেছিলেন। এভাবে তিনি গুপ্ত সংঘকে সন্দেহের বাইরে রাখার চেষ্টা করেন। আর ওদিকে প্রফুল্ল চাকী তো গ্রেফতার এড়াতে আত্মহত্যাই করে ফেলেন।
ক্ষুদিরামের বিচারের সময় আশ্চর্যজনকভাবে দেখা যায় পশ্চিম বাংলা অর্থাৎ কলকাতা, মেদিনীপুর এসব অঞ্চলের কোনও উকিল তার পক্ষে দাঁড়াতে রাজি হননি। শেষে পূর্ববঙ্গের রংপুর থেকে যাওয়া কয়েকজন উকিল লড়েছিলেন ক্ষুদিরামের পক্ষে। কোর্টে উকিলদের অনেক জোরাজুরিতে ক্ষুদিরাম আগে ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া জবানবন্দি বদলে নতুন জবানবন্দি দেন। যেহেতু প্রফুল্ল মারা গেছেন, তাই উকিলরা চেষ্টা করেছিলেন যদি তার উপর দোষ চাপিয়ে দিয়ে ক্ষুদিরামের দণ্ড লঘু করা যায়!
কিন্তু এতেও লাভ হয়নি। ব্রিটিশরা বিপ্লবের প্রশ্নে কোনও রকমের ছাড় দেয়ার মতো অবস্থায় ছিল না। ক্ষুদিরামকে ফাঁসির সাজা শোনানো হয়। এরপর ১৯০৮ সালের এগারো আগস্ট ক্ষুদিরামের ফাঁসি কার্যকর করা হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, হাসিমুখে গর্বের সাথেই ক্ষুদিরাম বরণ করে নিয়েছিলেন ফাঁসির দড়িকে।
দেশের সর্বাত্মক সংকটে ক্ষুদিরাম এর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নেয়া প্রয়োজন। শিক্ষা-সংস্কৃতি-নৈতিকতা রক্ষা, সাম্রাজ্যবাদী আগ্রাসন, অশ্লীলতা-অপসংস্কৃতির বিরুদ্ধে উন্নত চরিত্র গড়ে তোলার সংগ্রামে শহীদ ক্ষুদিরাম আজও প্রেরণার উৎস। ক্ষুদিরামের মৃত্যু হয়েছে আজ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে। তবুও তার নামটি আমাদের কাছে এখনো বিপ্লবের প্রতীক।
We hate spam as much as you do