Tranding

12:34 PM - 22 Mar 2026

Home / Entertainment / তিনটি কবিতা অজয় সাহা - প্রবীর ভদ্র - অরিন্দম দাস

তিনটি কবিতা অজয় সাহা - প্রবীর ভদ্র - অরিন্দম দাস

লালমাটির রাস্তায় পড়েছে কালো পিচের আস্তরণ। মাটির সাথে সাথে ঢেকে দিয়েছে আবেগ। ধীরে ধীরে খোয়াই যাচ্ছে খোয়া। এখন সে নালা। দিন গুনছে ইতিহাস হওয়ার অপেক্ষায়।

তিনটি  কবিতা   অজয় সাহা  - প্রবীর ভদ্র - অরিন্দম দাস

অজয় সাহা 
প্রবীর ভদ্র
অরিন্দম দাস

 

 

সহজপাঠ
 অজয় সাহা 

 

কিছু কিছু কথা আছে বোঝার জন্য 
কিছু কিছু কথা আছে বোঝানোর জন্য 
কিছু কিছু কথা হয়ত আছে যা কিনা একই সাথে বোঝার এবং বোঝানোর 
এইসব কথাগুলো আর সেইসব মানুষের বোঝাবুঝি যে খুব একটা সোজা না 
তেমন কিছু যে অনায়াসেই বুঝেশুনে ফেলা যায় 
তাই বা আর হল কৈ? 

রোজই হয়ত এ বিষয়ে দাঁত মাজার অধ্যাবসায়ে 
কিংবা চশমার কাঁচ মোছার সচেতনতায় 
চেষ্টাচরিত্র চালানো খুবই জরুরী । 
মুশকিল হল এই সহজ সরল সত্যটুকু 
রবিবারের পাঁঠার মাংসের মত দু এক টুকরো 
বুঝলেও কাউকে বোঝাতেই পারলামনা এমনকি ফার্স্ট ইয়ারে পড়ার সময় তন্বীকেও!
ওর কাছে ওর পরম ঠাকুর রবীন্দ্রনাথ 
আমার কাছে কেবলমাত্র সহজপাঠ। 

 

 

 বর্ষাটা নামাও 
  প্রবীর ভদ্র

 

রিম্-ঝিম্ বর্ষার সেতার
কড়্-কড়্ গর্জায় বিজলি
এলোমেলো অলস দুপুর
      নির্মল কান্নাও মাঝে মাঝে বিদ্রূপ!

ভেজে না তো লোহার হৃদয়
গলে না তো কঠিন পাথর
পাওনাটা বুঝে নিতে সিদ্ধ তারা
       কাঁপে না তো হাতের  চাবুক। 

লুট্-পাট্ ঝট্-পট্ চারপাশে
পুকুর তো চুরি হয় দিনে-রাতে
টিকা-ফিকা ওতো এক নস্যি
       চুরি আর চুরি শুধু  একই হাতে।

সভা-টভা প্রতিবাদে পড়ছে লাগাম
" করোনা"-র অজুহাতে শিক্ষা-লাটে
পেটে-খিল, পিঠে-খিল--- দুর্ভাবনায়
        চাল ফুটো ভাঙা ঘরে বর্ষাতে।

ঝম্ ঝম্ বর্ষার ঝালার
কড়্-কড়্ গর্জায় বিজলি
এলোমেলো সবার দুপুর
      নির্মল কান্না এখনই থামাও! 

বর্ষার জলে দেখি ঝলসায় বজ্র
ঢেউ তুলে ভেঙে দাও কপাট
গুড়োগুড়ো হয়ে যাক গ্র‍্যানাইট---
       সে-রকম উদ্দাম বর্ষাটা নামাও।

 

 

অরিন্দম দাশ

 

লালমাটির রাস্তায় পড়েছে কালো পিচের আস্তরণ। মাটির সাথে সাথে ঢেকে দিয়েছে আবেগ। ধীরে ধীরে খোয়াই যাচ্ছে খোয়া। এখন সে নালা। দিন গুনছে ইতিহাস হওয়ার অপেক্ষায়। বাউলেরা এখনো গান গায়, নাচে সাঁওতাল রমনী, অভ্যাসের দাসত্ব করে। শুধু শুক্রবারে নয়, এখন হাট বসে রোজ কংক্রীট বাঁধানো বেদীতে। কংক্রীটে ঢাকা পড়েছে চারদিক। উন্নয়ন আছে, নেই প্রাণ। নেই ভালোবাসার গান। তীক্ষ্ম হর্নের শব্দে ঢাকা পড়ছে পাখির কলতান। সব চুরি হয়ে যাচ্ছে আপনার নোবেলের মতো। কর্পোরেটের চোখ পড়েছে, কবিগুরু। আপনার সাধের শান্তিনিকেতনের আকাশ জুড়ে এখন অশান্তির কালোমেঘের আনাগোনা। 
আপনি কি দেখছেন?

 

 

Your Opinion

We hate spam as much as you do