পায়ে পায়ে হেঁটে আলোর পথ কেটে ব্রিগেডে সূর্য সেনা, চেতনায় রণসাজ ব্রিগেডে মিলিত আজ সব মুখ কতনা চেনা।
কবিতা 7 Jan. 2024
নতুন সকাল
কেউ কথা রাখে না
♦♦♦♦♦♦♦♦♦
নতুন সকাল
গৌতম ঘোষ
জানুয়ারীর সাত মুষ্টিবদ্ধ লক্ষ হাত
লাল ব্রিগেড ময়দানে,
লক্ষ সেনা সূর্য বাজায় রণতুর্য
দীপ্ত গানে শ্লোগানে।
পায়ে পায়ে হেঁটে আলোর পথ কেটে
ব্রিগেডে সূর্য সেনা,
চেতনায় রণসাজ ব্রিগেডে মিলিত আজ
সব মুখ কতনা চেনা।
বিঘ্ন বাঁধা গুড়িয়ে পথের ধূলো উড়িয়ে
ব্রিগেড সমুদ্র লাল,
পুব আকাশে ভাসে দিনমণির বার্তা
আগত নতুন সকাল।
🏜🏜🏜🏜🏜🏜🏜🏜
কেউ কথা রাখে না
দেব চক্রবর্তী
জলপাই রঙের পোশাক পরা লোকটা আর আসেননা
কেন যে আসেননা বুঝি না
শুধু বুঝি পৌষের শীত আর
নলেনগুড়ের রহস্যে মোড়া বিকেল।
সময়টা যুদ্ধের
সবকিছু উল্টে দিয়ে গেছে
জীবন, যাপন আর
জীবনের কালঘন বৈপরীত্য।
লোকটা কথা দিয়েছিলেন
কথা রাখেননি
যেমন কথা রাখেনি
আমার পোষা বুলবুল-
উড়ে চলে গেলো অভিমানে, বিরাগে।
কেউ কি কথা রাখে!
বাবার বন্ধু জালাল কাকা কথা দিয়েছিলো
আমাকে দেশের বাড়ি নিয়ে যাবে
আজও জালাল কাকা ফিরে আসেনি
আমারও আর.....
সেই থেকে কেমন একা
বিচ্ছিন্ন, বোহেমিয়ান।
যৌবনে কথা দিয়েছিল রুমনা
ধনীবাবার কথায়
সেও কেমন দুর্ভেদ্য অন্ধকারে
হারিয়ে গেলো
রেখে গেলো নয়নরহস্য
কথা রাখেনি সে
রাখতে পারেনি।
শেষে মা'ও!
নাঃ! এরপর আর কেউই কথা রাখবেননা
যেমনটা আমার অসুস্থতায়
মায়ের মতো কেউ আর
মুখে জল তুলে দেবেন না!
সত্যিই কেউ কথা রাখেনা
রাখতে জানেননা॥
We hate spam as much as you do