অবশেষে রেলের সেই 'বুলডোজার অ্যাকশন'-এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তি পেল হকার পক্ষ। কলকাতা হাইকোর্ট ১৭ জুন পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্টেশন চত্বরের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন সোমবার উচ্চ আদালত এই বিষয়ে চূড়ান্ত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ।
বামেদের লাগাতার বিক্ষোভে আপাতত হকার উচ্ছেদে স্থগিতাদেশ হাইকোর্টের,
10 June 2026
কলকাতায় হকারদের জন্য বড়সড় স্বস্তির খবর। আগামী ১৭ই জুন পর্যন্ত হকার উচ্ছেদের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য্য। আদালতের এই আদেশের ফলে আগামী সোমবার পর্যন্ত আর কোনও উচ্ছেদ অভিযান চালান যাবে না। মামলার পরবর্তী শুনানি হবে ওই দিনই, অর্থাৎ ১৭ জুন।
যাদবপুর স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান (Jadavpur Hawker Eviction) ঘিরে উত্তপ্ত পরিস্থিতির রেশ পৌঁছে যায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। রবিবার গভীর রাতে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ এবং হকার উচ্ছেদকে কেন্দ্র করে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত হকাররা। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। হকারদের আইনজীবী বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে বিষয়টি আদালতের বিবেচনায় আনার আবেদন জানান। সেই আবেদন গ্রহণ করে মামলা করার অনুমতি দেওয়া হয়।
প্রসঙ্গত, গত রবিবার গভীর রাতে যাদবপুর রেল স্টেশন এলাকায় আরপিএফ এবং কলকাতা পুলিশের উপস্থিতিতে ব্যাপক হকার উচ্ছেদ অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। আচমকা বুলডোজার নামিয়ে একের পর এক দোকান ও বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নামে বাম-কংগ্রেস নেতৃত্ব। যুব সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে রাতেই শুরু হয় জোরদার প্রতিরোধ ও বিক্ষোভ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে রণক্ষেত্রের চেহারা নেয় স্টেশন চত্বর। এই ঘটনায় নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন জখম হন। উচ্ছেদে বাধা দেওয়ায় রাতেই সৃজন ভট্টাচার্য সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। পরদিন সোমবার আলিপুর আদালত থেকে সৃজনদের জামিন মঞ্জুর হলেও উচ্ছেদ আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল স্থানীয় হকারদের। বামেদের দাবি ছিল, আদালতের রায় অনুযায়ী বিকল্প ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করা সম্পূর্ণ বেআইনি।
অবশেষে রেলের সেই 'বুলডোজার অ্যাকশন'-এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তি পেল হকার পক্ষ। কলকাতা হাইকোর্ট ১৭ জুন পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্টেশন চত্বরের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন সোমবার উচ্চ আদালত এই বিষয়ে চূড়ান্ত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ।
We hate spam as much as you do