Tranding

03:20 AM - 17 Jul 2026

Home / National / মহাকাশ খাতেও বেসরকারি বিনিয়োগ! ISRO ছাড়ছেন শতাধিক বিজ্ঞানী, মেধার সংকট

মহাকাশ খাতেও বেসরকারি বিনিয়োগ! ISRO ছাড়ছেন শতাধিক বিজ্ঞানী, মেধার সংকট

মহাকাশ সেক্টর বেসরকারি সংস্থাগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে স্টার্টআপ এবং মহাকাশ প্রযুক্তি সংস্থাগুলো নেতৃত্ব ও প্রযুক্তিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ইসরো বিজ্ঞানীদের নিয়োগে আগ্রহী হয়ে উঠেছে। এছাড়া স্যাটেলাইট প্রকল্পে শিল্পক্ষেত্রকে যুক্ত করা এবং উৎক্ষেপণযান প্রযুক্তি হস্তান্তরে সরকারের উদ্যোগের ফলে সংস্থার বাইরে দক্ষ মহাকাশ পেশাদারদের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে।

মহাকাশ খাতেও বেসরকারি বিনিয়োগ! ISRO ছাড়ছেন শতাধিক বিজ্ঞানী, মেধার সংকট

মহাকাশ খাতেও বেসরকারি বিনিয়োগ! ISRO ছাড়ছেন শতাধিক বিজ্ঞানী, মেধার সংকট


July 16, 2026

 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে গত কয়েক মাসে বিজ্ঞানীদের (ISRO Scientist) পদত্যাগ নিয়ে তোলপাড় গোটা দেশ। একধাক্কায় প্রায় ১০০ জনের বেশি বিজ্ঞানে চাকরি ছেড়েছেন বলে খবর। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকজন চন্দ্রযান-৩, এলভিএম-৩ ইত্যাদি প্রকল্পের সঙ্গে যুক্ত। তবে এই পদত্যাগের হিড়িক বাড়তেই এবার বিজ্ঞানীদের স্বেচ্ছা অবসর ও পদত্যাগের নিয়ম আরও কঠোর করে ফেলল মহাকাশ গবেষণা সংস্থা।

চাকরি ছেড়েছেন প্রায় ১০০ থেকে ১২০ জন বিজ্ঞানী টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলছে, মহাকাশ গবেষণা সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও প্রায় ১০০ থেকে ১২০ জন বিজ্ঞানী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এর মধ্যে ইউআরএসসি থেকে ৮০ জনের বেশি এবং ভিএসএসসি থেকে অন্তত ২০ জন ইস্তফা দিয়েছেন বলেই খবর। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকজন স্যাটেলাইট সেন্টার, স্যাটেলাইট নকশা, উন্নয়ন, উৎপাদন বা পরীক্ষার দায়িত্বে ছিলেন। না উল্লেখ করলেই নয়, এলভিএম-৩ প্রকল্পের পরিচালক ভিক্টর জোসেফ নিজেই বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে চন্দ্রযান-৩ মিশনের প্রজেক্ট ম্যানেজার আদিত্য রাল্লাপল্লিও এই তালিকায় নাম লিখিয়েছেন। এছাড়াও রয়েছেন স্পাডেক্স প্রকল্পের পরিচালক।


প্রসঙ্গত, আগে ইসরো তাদের কর্মী বা বিজ্ঞানীদের স্বেচ্ছায় অবসরের অনুমোদন দিয়েছিল। কিন্তু পদত্যাগের ঢেউ বাড়তেই ২০২০ সালের নিয়মগুলি বাতিল করা হয়েছে। আর নতুন নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় পরিচালক, গগনযান বা অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় মিশনের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা এবার অনুমোদন ছাড়া পদত্যাগ করতে পারবেন না। এখন থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরাসরি মহাকাশ বিভাগে সুপারিশ পাঠাতে হবে।

 

যদিও বর্তমানে ইসরোতে ১৪,৬০০ এর বেশি কর্মী কর্মরত। কিন্তু সাম্প্রতিক এই পদত্যাগ বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান ভি. নারায়ণন জানান, “এটা সত্যি যে অনেকেই চলে যাচ্ছেন। কিন্তু এটা প্রতিষ্ঠানেরই অংশ। কেউ চলে গেলে অন্য কেউ দায়িত্ব নেবে। আমরা পুরো পরিস্থিতি সামাল দিচ্ছি।” যদিও ইসরোতে পদত্যাগের এই ঢেউ নতুন কিছু নয়। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যেও প্রায় ৭০০ জন কর্মী পদত্যাগ করেন মহাকাশ গবেষণা সংস্থা থেকে। এর পাশাপাশি ২০১৭ সালের মধ্যে নতুন নিয়োগপ্রাপ্ত প্রায় অর্ধেক কর্মী চাকরি ছেড়েছিলেন।


ডিওএস-এর মতে, পদত্যাগের আবেদনের বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির বাস্তবায়নের উপর প্রভাব ফেলতে শুরু করেছে। এই ধরনের মিশনে কর্মরত বিজ্ঞানীদের বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা দ্রুত অন্য কারও মাধ্যমে পূরণ করা কঠিন। ফলে হঠাৎ করে তাঁদের প্রস্থান মিশনের সময়সূচি এবং ধারাবাহিকতার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে।

বিজ্ঞানীরা কেন ইসরো ছাড়ছেন?


সাম্প্রতিক সময়ে ইসরো থেকে পদত্যাগের এই ঢেউয়ের কারণ সম্পর্কে মহাকাশ বিভাগ (ডিওএস) বা ইসরো এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে WION-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেসরকারি মহাকাশ খাতের দ্রুত সম্প্রসারণকে এর অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে।


মহাকাশ সেক্টর বেসরকারি সংস্থাগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে স্টার্টআপ এবং মহাকাশ প্রযুক্তি সংস্থাগুলো নেতৃত্ব ও প্রযুক্তিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ইসরো বিজ্ঞানীদের নিয়োগে আগ্রহী হয়ে উঠেছে। এছাড়া স্যাটেলাইট প্রকল্পে শিল্পক্ষেত্রকে যুক্ত করা এবং উৎক্ষেপণযান প্রযুক্তি হস্তান্তরে সরকারের উদ্যোগের ফলে সংস্থার বাইরে দক্ষ মহাকাশ পেশাদারদের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে।


WION-এর প্রতিবেদনে উদ্ধৃত প্রাক্তন ইসরো কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, শুধুমাত্র প্রশাসনিক বিধিনিষেধ আরোপ করে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাঁদের মতে, দক্ষ জনবল ধরে রাখতে হলে কর্মজীবনে উন্নতির সুযোগ, নেতৃত্ব, কর্মপরিবেশ এবং কর্মীদের অনুপ্রেরণার মতো বৃহত্তর সাংগঠনিক বিষয়গুলির দিকেও গুরুত্ব দিতে হবে।

Your Opinion

We hate spam as much as you do