হাতে আছে ভালবাসার চাবি যে চাবিতে সব তালা খোলে তবুও প্রয়োজনে ভেঙে ফেলব শতাব্দীর তালা
ডিটেনশন ক্যাম্প
অপূর্ব নায়েক
ওদিকে ওরা বিক্ষুব্ধ
এদিকে এদের অসন্তোষ
এই মাটিতে আটশো বছর বাস করছে
তবু ওরা ব্রাত্য
ভরদ্বাজ গৌতম কাশ্যপের বংশধরদের শিকড়ে লেগেছে টান
অমিত বলশালীরা উৎখাত উদ্বাস্তু করতে উদ্যত
ডিটেনশন ক্যাম্পের দুঃস্বপ্নে দিশেহারা
দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দার্জিলিং
ধর্মের জামা খুলে ছুঁড়ে ফেলে বেরিয়ে আসুক মানুষ
কোটি কন্ঠে উচ্চারিত হোক
শাসক আর শোষকের নয়
এই মাটির জন্যে
মানুষের জন্যে ভালবাসা আছে যার
দেশটা তার
টুপি পাগড়ি নামাবলি নামিয়ে রাখতে না পারলে
সারা দেশটাই ডিটেনশন ক্যাম্প
প্রাণের পৃথিবীকে
প্রবীর ভদ্র
দ্বিখণ্ডিত হই নি কখনো
হয়েছি শতখন্ড --- হতে চাই অখন্ড।
ধর্ম ও জাতিতে বিভেদ করিনি---
ধর্ম--- সে তো সত্য ও ন্যায়ের প্রতীক
পৃথিবী জুড়ে একই জাতি--- সবাই তা জানে।
হাতে আছে ভালবাসার চাবি
যে চাবিতে সব তালা খোলে
তবুও প্রয়োজনে ভেঙে ফেলব শতাব্দীর তালা
স্বপ্ন আছে, প্রেম আছে, জুড়ে দেব সব
চাই না খন্ড-খন্ড,প্রাণের পৃথিবীকে বানাব অখন্ড।
We hate spam as much as you do