এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার বিকালে দ্বিতীয় দফায় বৈঠক হতে চলেছে আন্দোলনরত কৃষক সংগঠন ও কেন্দ্রীয় মন্ত্রীদের। তিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, অর্জুন মুণ্ডা এবং নিতানন্দ রাই চণ্ডীগড়ের পাঞ্জাব হাউসে বৈঠকে বসবেন।
পাঞ্জাবে রেল অবরোধে কৃষকেরা, দাবি আদায়ে রাষ্ট্রসংঘকে চিঠি, বিরক্ত কেন্দ্র
15th February 2024
আন্দোলনের চতুর্থ দিনে কৃষকেরা প্রতিবাদের নতুন রাস্তা নিল। একদিকে, তারা পাঞ্জাবের একাধিক জায়গায় রেল অবরোধ করেছে। অন্যদিকে, রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে একাধিক কৃষক সংগঠন। কৃষক সংগঠনগুলির এই পদক্ষেপে অত্যন্ত বিরক্ত কেন্দ্রীয় সরকার।
তবে এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার বিকালে দ্বিতীয় দফায় বৈঠক হতে চলেছে আন্দোলনরত কৃষক সংগঠন ও কেন্দ্রীয় মন্ত্রীদের। তিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, অর্জুন মুণ্ডা এবং নিতানন্দ রাই চণ্ডীগড়ের পাঞ্জাব হাউসে বৈঠকে বসবেন।
এদিকে, কৃষকদের দিল্লি অভিযান ঠেকাতে পুলিশ বিপুল পরিমাণে কাঁদানে গ্যাসের সেল মজুত করছে বলে খবর। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, সরকার তিরিশ হাজার টিয়ার গ্যাসের সেল কেনার বরাত দিয়েছে। গত পরশু মঙ্গলবার হরিয়ানায় কৃষকদের জমায়েতের উপর ড্রোন থেকে কাঁদানে গ্যাস স্প্রে করা হয়। তাতে প্রায় ৭০জন কৃষক অসুস্থ হয়ে পড়েন। সেই ঘটনায় কৃষক সংগঠনগুলি দিল্লি অভিযানে সাময়িক বিরতি ঘোষণা করে।
তবে বুধবার সকাল থেকে নতুন করে অভিযান শুরু হলে ফের সংঘর্ষ বাঁধে। সারাদিন ধরেই পুলিশ-কৃষক সংঘাত চলে। বুধবারও পুলিশ কাঁদানে গ্যাস প্রয়োগ করে। তাতেও রাস্তা আটকে বসে থাকা কৃষকদের সরানো যায়নি।
ফলে দিল্লির সঙ্গে পাঞ্জাব, হরিয়ানার পাশাপাশি রাজধানী সংলগ্ন অঞ্চলের যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার এই বিষয়টি সুপ্রিম কোর্টে উঠতে পারে। আইনজীবীদের একাধিক সংগঠন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে অনুরোধ করেছেন এই বিষয়ে পদক্ষেপ করতে। রাস্তা আটকে থাকায় আইনজীবী, বিচারপ্রার্থীরা আদালতে যেতে পারছেন না।
We hate spam as much as you do