নাটকের বিষয়বস্তু ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’, তাই শাসকদলের চক্ষুশূল নাট্যকর্মী? রেহাই পেলেন না তাঁর বৃদ্ধ বাবা-মাও। রানাঘাটে নাট্য পরিচালক-অভিনেতা নিরুপম ভট্টাচার্যকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে।
‘রাষ্ট্রই কসাই’, নাটকের বার্তায় তৃণমূলের হাতে আক্রান্ত নাট্যকর্মী, রানাঘাটের ঘটনায় বাদশা-কৌশিক-ঋদ্ধির প্রতিবাদ
April 12, 2023
রাজ্যে ফের নাট্যকর্মীদের হেনস্থার অভিযোগ। আবারো আঙুল উঠেছে রাজ্যের শাসক দলের দিকে। রানাঘাটবাসী নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্য (Nirupam Bhattacharya) সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে নিগ্রহ, হেনস্থার অভিযোগ আনেন। ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন অভিনেতা তথা নাট্যকর্মী কৌশিক সেন , ঋদ্ধি সেন এবং বাদশা মৈত্র ।
নাটকের বিষয়বস্তু ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’, তাই শাসকদলের চক্ষুশূল নাট্যকর্মী? রেহাই পেলেন না তাঁর বৃদ্ধ বাবা-মাও। রানাঘাটে নাট্য পরিচালক-অভিনেতা নিরুপম ভট্টাচার্যকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে।
ভারভারা রাও রচিত ‘কসাই’ কবিতা অবলম্বনে নাটক পরিবেশন করে রাণাঘাটে আক্রান্ত নাট্যকর্মী। অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে। মাঝরাতে নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্যের বাড়িতে ঢুকে তাঁকে শারীরিক নিগ্রহের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, আলোচনার আছিলায় ঘরে ঢুকে তাঁকে এবং তাঁর পরিবারের অনান্য সদস্য়দের নিগ্রহ করেছে তৃণমূল কর্মীরা, অবিলম্বে নাটক বন্ধের হুমকি দেওয়া হয়েছে। গোটা ঘটনা পুলিশকে জানালে, শুরুতে অসহোযোগিতা করেছে পুলিশ, অভিযোগ নাট্য কর্মীর। অবশেষে মঙ্গলবার দুপুরে বিভিন্ন নাট্য সংগঠন এবং একটি মানবাধিকার সংগঠনের সহযোগিতায় অভিযুক্তদের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন নিরুপম ভট্টাচার্য।
তাঁর অভিযোগ, পরিবার রাত সাড়ে ১১টা নাগাদ রানাঘাটে তাঁর বাড়িতে আসেন কিছু ব্যক্তি। আলোচনার নামে নাটক সম্পর্কে নানান জিজ্ঞাসাবাদ করতে থাকেন। নিরুপমের কথায়, ‘ওঁরা বলে রানাঘাটে এসব নাটক করা যাবে না’। এরপর আচমকাই শুরু শারীরিক নির্যাতন।
কেন ওই নাটক ঘিরে বিতর্ক? ভারভারা রাও রচিত ‘কসাই’ কবিতা অবলম্বনে যে নাটক উপস্থাপন করা হয়েছে সেখানে রাষ্ট্রীয় নিপীড়নের কথা উঠে এসেছে। নিরুপমের কথায়, ‘রাষ্ট্রীয় নিপীড়নের কথা তুলে ধরা হয়েছে বলেই ভয় ধরে গিয়েছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের। তাই রাত সাড়ে ১১টা থেকে ২টো পর্যন্ত মারধর করা হয়েছে’। নাট্য পরিচালক ‘বিজেপির লোক’ এমন দাবিও করেছে ‘তৃণমূলের গুণ্ডাবাহিনী’ বলেন নিরুপম।
তিনি জানান, এই নাটকে হাঁসখালি ধর্ষণের মতো ঘটনার উল্লেখ রয়েছে। এই কারণেই তাঁর উপরে শাসক দলের রোষ নেমে এসেছে বলে অভিযোগ নিরুপম ভট্টাচার্যের। সতীর্থ নাট্যকর্মীর পরিস্থিতির কথা জানতে পেরেই সুর চড়িয়েছেন বাদশা ঋদ্ধিরা।
সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধি লিখেছেন, ‘রানাঘাট সৃজকের নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্যকে তাদের নাটক কসাইয়ের অভিনয়ের পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা শারীরিক ভাবে আক্রমণ করে l তারপর তাকে হুমকি দেয়, যে রানাঘাটে তার ইন্টিমেট স্পেস ‘ডাকঘরে’ তাকে নাট্যচর্চা করা বন্ধ করতে হবে l কারণ ? তাদের নাট্যচর্চা নাকি পরিবেশ দূষিত করে তুলছে l তাই জন্যই চুরির টাকা দিয়ে করা কার্নিভালে ED’র তলব করা নায়ক নায়িকাদের নিয়ে হাঁটতে গেলে সরিয়ে দিতে হয় ন্যায়ের লড়াইয়ে নামা চাকরিপ্রার্থীদের।’
তিনি প্রশ্ন তুলেছেন, ‘নিরুপম ভট্টাচার্যের দোষ কি? সে সৎ ভাবে থিয়েটার করে , নিজের মতো করে থিয়েটারকে বদলানোর স্বপ্ন দেখে , সে তার নাটকে সত্যি কথা বলে l সেই জন্যই শাসকের কালো হাত টেনে ধরে তার কলার, ভেঙে দিতে চায় ডাকঘর l কারণ ডাকঘরের বদলে আরও একটা ক্লাবঘর হলে সুবিধে অনেক , জমানো যাবে আরও কিছু চুরির টাকা, অশিক্ষা আর আর ডিজে বক্স চালিয়ে নাচ l আর সংস্কৃতি বরাদ্দ থাকবে শুধু তাদের জন্যে , যারা মহানায়ক উত্তম কুমার সম্মান আর কলকাতা ফিল্ম ফেস্টিভালের প্রথম দিনে নীল সাদা রঙের সামিয়ানার তলায় থাকবেন’।’
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বাম সমর্থক বাদশা মৈত্র বলেন, ঘটনাটিকে নিন্দনীয় বললেও কম বলা হয়। যে এই পরিস্থিতিতেও থিয়েটারকে বাঁচিয়ে রেখেছে, তাঁকে সাহায্য করা, তাঁর প্রচার করার বদলে হেনস্থা করা হচ্ছে। কোনো সিনেমা, নাটকে রাষ্ট্রের সমালোচনা থাকলে সেটা গণতান্ত্রিক অধিকার হিসাবেই গণ্য করা উচিত।
বাদশা বলেন, শারীরিক বা মানসিক অত্যাচার করে শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কোনো শাসক দল বা তার আশ্রিতদের নেই। এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা না করে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে দোষীদের শাস্তির দাবি করেছেন বাদশা। ভিডিও বার্তায় একই দাবি তুলেছেন কৌশিক সেনও। সেই সঙ্গে স্বপ্নসন্ধানীর ফেস্টিভ্যালে তাঁকে আমন্ত্রণ জানিয়ে সেখানে তাঁর নাটক মঞ্চস্থ করার আহ্বানও জানান তিনি।
যদিও তৃণমূলের দাবি, সবটাই রঙ চড়িয়ে বলা হচ্ছে। এমন কোনও ঘটনা ঘটেনি। রানাঘাট সংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ‘অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে গোটা বিষয়টা।’ রানাঘাটের পুলিশ সুপার কে কান্নানের কথায়, ‘আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।’
We hate spam as much as you do