আকাশ ছুঁতে চাওয়া যুবতীকে দেখেছো কোথাও? আমি জানি হাজার জনতার মাঝে আছে সে----অদূরে। অসহ্য বেয়াড়া-বেয়াদবদের পালা সাঙ্গ করে,অচিরে সে-যুবতী আকাশ রাঙিয়ে দেবে সুমহান রোদ্দুরে।
কবিতা
⛵⛵⛵⛵⛵⛵⛵
অতলান্ত
প্রদীপ সরকার
শকুন্তলাকে চিনতে চেয়ে
শর্মিলাকে চিনেছিলাম,
অনন্যাকে এক দুপুরে
অপ্সরাই ভেবেছিলাম।
চারুলতার রং মিলান্তি,
বনলতার বিদিশা রাত,
ঊর্মিলার বিরহ প্রহর
বুঝতে গিয়ে যুগ বরবাদ।
"নারী তুমি অর্দ্ধেক আকাশ।"
আধখানি বোধ অর্দ্ধসত্য বটে।
নারীর নাড়ি বোঝা এতই সোজা!
এমন প্রজ্ঞা নেই বিধাতারও ঘটে।
🏞🏞🏞🏞🏞🏞🏞
পুতুল খেলার ছলে
পাপিয়া গোস্বামী
যে নারী-জাতির হাত ধরে বেড়ে ওঠে
দেশেরই ভাবীকাল-
সমাজের নব জাতকরা ,
তাদের হাতের বেড়ি, পায়ের শিকল আজও ঝনঝনায়।
সেই সমাজে তাদের স্থান কোনখানে?
নারী স্বাধীনতা! এখনও প্রহসন---
পুতুল খেলতে খেলতে ছোট্ট মেয়ে কখন যেন পুতুলই হয়ে যায় পুরুষের হাতে।
চলে যায় গিলোটিনে, অদৃশ্য সুতোর টানে।
জীবনবোধ জেগে উঠবার আগেই শুরু হয় জীবন যুদ্ধ।
অনুশাসনের মাঝেও মর্মে জাগায় নানান রকম ভীতি।
সে তো মানুষই নয় শুধুই যে নারী,
এ সমাজ নানান ভাবে বারবার বুঝিয়ে দেয়।
শরীর আর মনের লড়াইকে সরাতে সরাতে তার এগিয়ে যাওয়া--
অনেক অনাদর অবহেলা থেকে উঠে আসে সোনার মেয়েরা।
সামান্য ভালোবাসার ছোঁয়ায় তাঁরা পৌঁছোয় যোগ্যতার শিখরে শিখরে।
তবে সমাজের সব অপরাধের----
কেন কেন্দ্রবিন্দু বলে চিহ্নিত তারাই ?
পুরুষ-তান্ত্রিক সমাজ তাদের নিয়ে পুতুল খেলবে আর কতো, কঅতো ?
🎎🎎🎎🎎🎎🎎🎎
অর্ধেক আকাশ
প্রবীর ভদ্র
( বিশ্ব-নারী দিবসকে স্মরণে রেখে)
আকাশ ছুঁতে চাওয়া যুবতীকে নিরস্ত করো না
ওর স্বপ্নের ঘুড়ি একদিন ওকে পৌঁছে দেবে মাস্তুলে
ওকে উৎসাহ দিলে সাহস যোগালে ও ঠিক পারবে
বজ্রগর্ভ মেঘগুলোকে ঢেকে দিতে আকাশের নীলে।
আকাশ ছুঁতে চাওয়া যুবতীকে নিরস্ত করো না
জান না অন্ধকারেও ওর বুকে জ্বলে হাজার সূর্যের আলো
সেই আলোতেই চিনে নেবে মুখ-আর মুখোশের প্রতিভাস
অন্ধকারাচ্ছন্ন জীবনে এনে দেবে অলৌকিক সুবাস।
আকাশ ছুঁতে চাওয়া যুবতীকে দেখেছো কোথাও?
আমি জানি হাজার জনতার মাঝে আছে সে----অদূরে।
অসহ্য বেয়াড়া-বেয়াদবদের পালা সাঙ্গ করে,অচিরে
সে-যুবতী আকাশ রাঙিয়ে দেবে সুমহান রোদ্দুরে।
♦♦♥♦♦
We hate spam as much as you do