চিকিৎসকেরা জানিয়েছেন, বুদ্ধদেবের রেটিনায় সমস্যা থাকলেও কর্নিয়ায় কোনও সমস্যা ছিল না। তবে তিনি ছানির অস্ত্রোপচার কখনও করাননি। চিকিৎসকেরা মনে করছেন, চোখে সমস্যা থাকলেও বুদ্ধদেব হয়তো ভেবেচিন্তেই অস্ত্রোপচার করাননি। তার ফলে কর্নিয়ার গুণগত মান ভাল ছিল।
প্রয়াত বুদ্ধদেবের চক্ষুদানে অন্ধত্ব ঘুচল দু’জনের , গ্রহীতাদের পরিচয় গোপনে নিয়মানুযায়ী
০৯ অগস্ট ২০২৪
প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কর্নিয়া দৃষ্টি ফেরাল দু’জনের। আরআইও (রিজিয়োনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি)-র ডিরেক্টর অসীমকুমার ঘোষ জানিয়েছেন, বুদ্ধদেবের কর্নিয়া দু’জনের চোখে প্রতিস্থাপন করা হয়েছে, যাঁরা কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছিলেন। তাঁরা এখন সুস্থ রয়েছেন।
কর্নিয়া প্রতিস্থাপনের ক্ষেত্রে গ্রহীতার নাম, পরিচয় গোপন রাখা হয়। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। দুই গ্রহীতার পরিচয় নিয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দুপুরের মধ্যে তাঁর কর্নিয়া সংগ্রহ করা হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের ক্ষেত্রে দাতা এবং গ্রহীতার মধ্যে কিছু মিল (‘ম্যাচিং’) দেখা হয়। এ ক্ষেত্রেও সেগুলি দেখে প্রতিস্থাপন করা হয়েছে। আরআইওর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতের মধ্যে শেষ হয়েছে কর্নিয়া প্রতিস্থাপন প্রক্রিয়া।
চিকিৎসকেরা জানিয়েছেন, বুদ্ধদেবের রেটিনায় সমস্যা থাকলেও কর্নিয়ায় কোনও সমস্যা ছিল না। তবে তিনি ছানির অস্ত্রোপচার কখনও করাননি। চিকিৎসকেরা মনে করছেন, চোখে সমস্যা থাকলেও বুদ্ধদেব হয়তো ভেবেচিন্তেই অস্ত্রোপচার করাননি। তার ফলে কর্নিয়ার গুণগত মান ভাল ছিল। ছানির অস্ত্রোপচার হলে কর্নিয়ার গুনগত মান কমে যায়। এই আরআইওতে আগেও চোখ দেখিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য্য।
We hate spam as much as you do