একটা সমকোণের 'ক' বিন্দুতে তুমি 'খ' বিন্দুতে লেখা আছে জেহাদ বিচ্ছিন্নতার বিপরীতে, অন্য বিন্দুতে তুমি নিশ্চিহ্ন।
কবিতা
নির্মাল্য দাশগুপ্ত , প্রবীর ভদ্র
নজরুল
নির্মাল্য দাশগুপ্ত
একটার পর একটা লম্বা দাগ টেনে
দেখে নিই তোমার ঋজু শরীর,
ঝকঝকে চোখে বিষণ্ণ বিষাদ জননীর;
তোমার ঋদ্ধ মনন শিউলি -নরম।
একটা সমকোণের 'ক' বিন্দুতে তুমি
'খ' বিন্দুতে লেখা আছে জেহাদ
বিচ্ছিন্নতার বিপরীতে,
অন্য বিন্দুতে তুমি নিশ্চিহ্ন।
তথাপি তোমার শরণ নিচ্ছি,
তথাপি নার্গিস বনে ঝরা গোলাপের
কুঁড়িতে তোমার অবিচল অপেক্ষা -----
তোমার ব্যাথা আমার কাছে সিন্ধু হয়ে
মিশে যাচ্ছে চেতনার ফুল শাখায়।
রাজাধিরাজ
প্রবীর ভদ্র
সামনে অদৃশ্য খাঁড়া, অদূরে হাঁড়িকাঠ
অসহায় ত্রস্ত রাজ্যবাসী--আধবোজা-চোখ।
কি করবি কর রাজা, কি করবি কর
বলি দিবি, না বলির পর ধুয়ে দিবি
রক্তের দাগ? দু'টোতেই পাকা হাত তোর!
কি করবি কর রাজা, কি করবি কর
অসহায় ত্রস্ত রাজ্যবাসী---আধবোজা-চোখ।
ফাঁটা-বাঁশি না বাজিয়ে, শুধু দু'মুঠো অন্ন
তুলে দে না, উপবাসী নিরন্নের মুখে।
কি করবি কর রাজা, এক্ষুনি কর
তোর অঙ্গুলি হেলনেই রাজত্ব চলে
ভেবে দেখ কি করবি তবে
ভালবাসায় ভাসবি, না ঘৃণার কবরে যাবি?
রাজা,কি করবি কর তবে, কি করবি কর।
We hate spam as much as you do