টেট উত্তীর্ণদের ধরনায় পুলিশি আগ্রাসন, প্রতিবাদে সরব অপর্ণা -শ্রীলেখা -ঋদ্ধিরা
টেট উত্তীর্ণদের ধরনায় পুলিশি আগ্রাসন, প্রতিবাদে সরব অপর্ণা -শ্রীলেখা -ঋদ্ধিরা
21st oct 2022
টেট (TET) আন্দোলনকারীদের সঙ্গে পুলিশি আচরণের প্রতিবাদে গর্জে উঠলেন অপর্ণা সেন সহ বিদ্বজনদের একাংশ। সামাজিক মাধ্যমে পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন অপর্ণা সেন-শ্রীলেখা মিত্ররা। সরব হয়েছেন বামমনস্ক বুদ্ধিজীবী হিসেবে পরিচিত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও।
বৃহস্পতিবার টেট আন্দোলনকারীদের করুণাময়ী চত্বর থেকে উঠে যাওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। সেই জায়গায় ১৪৪ ধারা জারি থাকার কারণে বিক্ষোভকারীদের জায়গা ছাড়ার কথা বলা হয়েছিল। কিন্তু তাতে কোনোও কাজ হয়নি। তাই বৃহস্পতিবার মধ্যরাতে অভিযানে নামে পুলিশ। প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসের সামনে থেকে আন্দোলনকারীদের বলপ্রয়োগ করে সরিয়ে দেয় পুলিশ। টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার জেরেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াজুড়ে। আন্দোলনকারীদের পক্ষে সরব হয়েছেন অপর্ণা সেন, ঋদ্ধি সেন, শ্রীলেখা মিত্ররা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন টুইট করে লেখেন, ‘অনশণকারীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার! অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন? সরকারের অনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ করছি!’
অনশণকারীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার! অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন? সরকারের অনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ করছি!
— Aparna Sen (@senaparna) October 21, 2022
অন্যদিকে, অভিনেতা ঋদ্ধি সেন সোশ্যাল মিডিয়ায় অনশনকারীদের পক্ষ নিয়ে লেখেন, ‘ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে।এক শান্তিপূর্ণ, যোগ্য আন্দোলনের গায়ে এমন বীভৎস আঘাত করার জন্য l এই জঘন্য কাজের মাশুল গুনতে হবে রাষ্ট্রকেl ’ বাম মনস্ক শ্রীলেখা মিত্র বিক্ষোভকারীদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। রাজ্য সরকারকে একহাত নিয়ে তিনি জানান, এই রাজ্য পড়াশোনা করে চাকরি না মিললেও পুলিশের গাড়ি চড়া যায়।
We hate spam as much as you do