সুন্দরের পাপবোধ থাকে না, শুধু নিষ্পাপ মৃত্যুর মত বিনিদ্র রাতে পুড়ে যায় মোমবাতী।
কবিতা ও কথা
গৌ ত ম বি শ্বা স ও প্রবীর ভদ্র
নিষ্পাপ মৃত্যুর মত
গৌ ত ম বি শ্বা স
নিশ্বাস ছাড়া বাঁচা তেমন কঠিন নয়
প্রতিটি মানুষ জানে বিমুক্ত মেঘের আলাপচারিতা
মৃত্যু সততই ছিল কলসের আঁচড়ে
নিয়তি যতটা ঈর্ষণীয় নেপথ্যের রূপটানে
প্রবল মুহূর্তে জেনেছি বর্তুল পৃথিবীর তাপ
শুষে নিতে পারে বন্ধ্যা রাজপথ
সমস্ত তরুচ্ছায়া কলসী উপুড় করে বসন্তের দিনে
প্রতিটি বৃষ্টির মত ছিন্নভিন্ন হয় বিদেহী কলস
সুন্দরের পাপবোধ থাকে না
শুধু নিষ্পাপ মৃত্যুর মত
বিনিদ্র রাতে পুড়ে যায় মোমবাতী।
আবাদ করলে ফলত সোনা
প্রবীর ভদ্র
সমাজে সংসারে মন দেওয়া-নেওয়া হামেশাই চলছে | ঘুটে-কুঁড়োনির মেয়ে যে মনে মনে শিল্পপতির ছেলেকে ভালবেসে ফেলেছে সে খবর কেউ কি রাখে ? ওদিকে স্বর্ণালংকার ব্যবসায়ীর মেয়ের মন জিতে বস্তিবাসী হারু ঘোষের নাতি যে বোম্বাই পাড়ি দিতে সংকল্প করেছে তাই বা কজন জানে ?
আসলে মন নামক এই অদৃশ্য বস্তুটি আমাদের দেহে বাস করে বটে তবে সে ঠিক বাসিন্দা হতে পারল না | সব সময়ই সেই মন-রূপী বাসিন্দাটি উড়ু উড়ু করে | নাহলে শরৎ চন্দ্রের 'অচলা'র এই দশা হবে কেন ?মহিম সুরেশ না সুরেশ মহিম তার মন কোন স্থির সিদ্ধান্তেই আসতে পারল না | ফলে অনির্দেশের পথে সে ভেসে গেল |
মানুষ ছাড়া অন্য কোন প্রাণী বা উদ্ভিদের মধ্যে এই মন নামক বস্তুটির সাক্ষাৎ পাওয়া যায় না | কোনভাবে উদ্ভিদ-জগতের মধ্যে এক ফোঁটা 'মন' ফেলে দিলে কি ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে রবীন্দ্রনাথ "পঞ্চভূতের" 'মন' প্রবন্ধে তার সরস বর্ণনা দিয়েছেন | আর পাখিদের যদি মন থাকত তাহলে কাকের বাসায় কোকিলের ডিম্ পাড়া কি সম্ভব হত ?
মন বলে অদৃশ্য বস্তুটি মানুষেরই আছে | তবে সে দৃশ্যমান হয় কথায়-গানে কখনো বা হাত-পা-মাথা প্রভৃতি অঙ্গের সঞ্চালনে | মনের চলাচলের গতি পথ বড়ই জটিল | সংসারে যে সম্পর্ক সব থেকে ঘনিষ্ট তা হল স্বামী-স্ত্রীর সম্পর্ক | দীর্ঘকাল একসাথে থাকার পরও কজন স্বামী বা স্ত্রী পরস্পরকে সঠিক ভাবে বুঝতে পারে ? মানুষ কি সব সময় নিজের মনকে চিনতে পারে ?
পৃথিবীর সব থেকে দ্রুতগামী অদৃশ্যবস্তুটি হল মন | তার গতির সঙ্গে পাল্লা দিতে পারে এমন কোন কিছু আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়নি | বিরাট ব্রহ্মান্ডের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত কয়েক মুহূর্তেই সে ঘুরে আসতে পারে | এই মনকে সঠিক ভাবে ব্যবহার করতে পারলে মানুষ অসাধ্য সাধন করতে পারে | তাই তো শাক্তকবি রামপ্রসাদ গেয়ে ওঠেন , " মনরে কৃষিকাজ জানো না , এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা |"
We hate spam as much as you do