মৃত্যুদুত হানা দেয় অবৈধ শ্বাদন্ত নিয়ে, ভুলে যায় সমস্ত দেয়ানেয়া, হানে কাপুরুষত্বের কৃতঘ্ন আঘাত।
আত্মত্যাগ
মুন্সী নওসাদ হোসেন
গাছের শিকড়ের কাঁচা গন্ধ,
বেঁচে থাকার শেষ আর্তনাদ
পৃথিবীতে টিকে থাকার অপার চেষ্টা।
মৃত্যুদুত হানা দেয় অবৈধ শ্বাদন্ত নিয়ে,
ভুলে যায় সমস্ত দেয়ানেয়া,
হানে কাপুরুষত্বের কৃতঘ্ন আঘাত।
নিরীহ গাছ করুন সুরে ক্রন্দন করে
তবুও মৃত্যু হয়না তার মনের,
পরিবর্তন হয়না তার উপকারি মানসিকতার।
শুধু হয় তার অবস্থান্তর,
হতেই থাকে নিরন্তর
কিন্তু থেকে যায় একই অন্তর!
ঘটমান বর্তমান
রুনা চট্টোপাধ্যায়
ডুবে যেতে যেতে দেখি দেদার আলোয়
আমাদেরই প্রাক্তনকাল আলোময় ।
অবৈতনিক স্কুলঘরে আমাদের পাঠশালা বসে
মিড ডে মিলের খাতে বড়বউ ভাত রেঁধে আনে
খোঁড়া ফকিরের থানে
আসবার পথে সে মানত রাখে
মাসপয়লা বেতন হলে খরচের ফাঁকে
জোড়া সিন্নি মোকাম
মাঠে আলু পচে গেলে ফসলের দাম
কোনো কোনো দরদী মহাপুরুষের তহবিলে
দৈবাৎ পৌঁছলে
অঘটন নয় ; স্বাভাবিক ঘটমান বর্তমানে
অবৈধ বালিখাদ, কয়লাখাদানে
বন্দুক উঁচিয়ে বখরা বুঝে নিয়ে ঘেঁষাঘেঁষি বসি
'জননী জন্মভূমিস্চ স্বর্গাদপী গরিয়সী'
চ ছ জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে গেলে
অনুদান মেলে, চিরকাল হাড়হাভাতে
কাঁপা হাতে ইভিএম উন্নয়ন খাতে ।
We hate spam as much as you do