বেঞ্চ বলেছে, যে তেহখানায় পুজো হয় এবং যেখানে মুসলিমরা নমাজ পড়েন, দুটো আলাদা জায়গা। দক্ষিণ দিক থেকে হিন্দুরা ঢুকতে পারবেন তেহখানায় এবং নমাজ পড়ার জন্য মুসলিমরা উত্তর দিক দিয়ে ঢুকবেন। শীর্ষ আদালত বলেছে, দক্ষিণ দিকে পুজোপাঠ হলে উত্তরের দিকের মুসলিমদের অসুবিধা হওয়ার কথা নয়
জ্ঞানবাপী মসজিদে একদিকে পুজো অন্যদিকে নামাজ চলবে - সুপ্রিম কোর্ট
1st April 2024
কাশীর বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদের ভিতরে হিন্দুদের পুজোপাঠ বন্ধে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। জ্ঞানবাপীর ভিতরে ব্যাস তেহখানায় পুজোপাঠের অনুমতি দিয়েছিল বারাণসী জেলা আদালত। সেই অনুমতিকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে গিয়েছিল মুসলিম পক্ষ। কিন্তু, এলাহাবাদ হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মুসলিমরা। সোমবার সেই রায়ই বহাল রেখে পুজোপাঠে স্থগিতাদেশ দিতে নারাজ হয় সর্বোচ্চ আদালত।
দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পরদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ হিন্দু ও মুসলিম পক্ষকে জ্ঞানবাপী মসজিদের বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। আদালতের মতে, হিন্দুরা যেমন পুজো করতে পারবেন, তেমনই মুসলিমরা নমাজ পড়তে পারবেন। যে স্থিতাবস্থা বজায় আছে, তা যেন কোনওভাবেই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া ভঙ্গ না হয়।
বেঞ্চ বলেছে, যে তেহখানায় পুজো হয় এবং যেখানে মুসলিমরা নমাজ পড়েন, দুটো আলাদা জায়গা। দক্ষিণ দিক থেকে হিন্দুরা ঢুকতে পারবেন তেহখানায় এবং নমাজ পড়ার জন্য মুসলিমরা উত্তর দিক দিয়ে ঢুকবেন। শীর্ষ আদালত বলেছে, দক্ষিণ দিকে পুজোপাঠ হলে উত্তরের দিকের মুসলিমদের অসুবিধা হওয়ার কথা নয়। তাই বেঞ্চ বলেছে, এই অবস্থার কোনও পরিবর্তন যেন না হয়। আমরা বলতে চাই, নমাজ নমাজের মতো চলবে। দক্ষিণ প্রকোষ্ঠে পুজোও হবে।
এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী জুলাই মাসে অর্থাৎ লোকসভা ভোটের পর।
We hate spam as much as you do