বন্ধ দরজার দিকে অবিকল আমি। খোলা দরজার দিকে আমারই মতোন কোনো লাশ!
কবিতা
শা ম্ব
চিরন্তন গঙ্গোপাধ্যায়
খোলা দরজা-বন্ধ দরজা
শা ম্ব
১
বন্ধ দরজার দিকে অবিকল আমি।
খোলা দরজার দিকে আমারই মতোন
কোনো লাশ!
মাথার ভেতরে থকথকে ঘিলু।
মাথার পূর্বে ফিলোসোফি।
মাথায় পেছনে বিজ্ঞান।
আঃ,সর্বকর্ণমূলে ঢুকে পরে
মশা-মাছি-সভা ও সমিতি
ব্যাঙ্গক্ষেত্র-ইহজন্ম-পরপরিচয়
সাড়ে তিন অঙ্ক বুটের আওয়াজ।
মুঠা করে ধুলা-বালি তুলে,
তুলে ইহভস্ম-পরঅঙ্গার
কেতাদুরস্ত দেহ ধরে মাপি
কতো দূর
কতো দূর
কতো দূর
আমার লাশের বিস্তার!
২
এখনো মুছে যায়নি
এখনো লেগে আছে।
তোমার কুকুর এসে বোকা বোকা গন্ধ শুঁকে যায়।
তারপর আসো তুমি।তুমি ও তোমার ঔরস জাত
কয়েদখানা-সান্ত্রী-সেপাই-আদালত।
মুখের দূর্গন্ধ-লালা ও রক্তপিচ্ছিল হাতে আমাকে কয়েদ করবে বলে খোলা দরজার দিকে নিয়ে যাও?
তবু চলে যাব আমি বন্ধ দরজার দিকে।
আমি আর আমার মতোন কোনো লাশ
কড়া নাড়ে-কড়া নেড়ে-কড়া নেড়ে
দিয়ে আসব ঘরের ভেতরে,আমার মৃত্যুর সংবাদ।
৩
মুখ তুলে তাকিয়েছি।
মুখ নিচু করে দেখি,
কাকের বিষ্ঠার মতো থপ থপ করে নীচে পড়ে
তোমাদের সংসদ-আইন-কানুন-নীতি-সর্বনাম।
মুখ তুলে তাকিয়েছি বার বার।
মুখ নীচু করে মাটিতে রেখেছি!
ভয় নেই-ভয় নেই-ভয় নেই
তোমাদের কোনো,ভোটের অধিকার।
খোলা দরজার দিকে আমার মতোন
আমি হেঁটে যাই।
বন্ধ দরজার দিকে পড়ে আছে,
শুধুতো আমারই মতোন কোনো লাশ!
৪
না,কোনো কথা বলব না।
মাথার পেছনে মাথা।মানুষের পেছনে মানুষ।
দরজার ভেতরে বন্ধ দরজা-খোলা দরজা-বন্ধ দরজা-খোলা!
মানুষের পেছনে মানুষের মতো মানুষ।
দরজার ভেতরে দরজার ভেতরে দরজার ভেতরে
মানুষ ছেড়ে আসে মানুষের মুখ।
হাটে ও বাজেরে রক্তপাতের মতো মৌলিক
মৃন্ময় মুখ ও মুখের আন্দাজ...
মৃত্যুর পিছে পিছে আমি হাঁটি
আমার পেছনে হাঁটে অনাথ সমাজ।
‘না
চিরন্তন গঙ্গোপাধ্যায়
বরদাকান্ত এখন আর ‘না বলে না
সেই কোন কালে স্কুলে পড়তে তার ‘না বলা শুরু
ক্লাস থেকে হরিদাস মেথরের ছেলের নাম কাটায় সবাই ঘাড় কাত করেছিল
বরদাকান্ত মাথা ঝাঁকিয়ে ‘না বলেছিল ।
কলেজের ফি বাড়ানো থেকে কারখানার নিয়মকানুন
সবকিছুতেই বেয়াড়া অসম্মতি
মোড়ের মাথার বুড়ো বটগাছ কাটা কিম্বা বাগদিপাড়ার কচি মেয়ের বিয়ে ,
সেই ‘না নিয়েই বরদাকান্ত দাঁড়িয়ে -
কখনও কখনও ‘না এর পাশে আরও অনেক ‘না এসে জুটত
তবে বেশিরভাগ সময় ‘হ্যাঁ রাই জিতে যেত
তবু বরদাকান্ত থামত না
মাঝে মাঝে ‘না জিতত না এমন না
এখন আর বরদাকান্ত ‘না বলে না
তার ‘না শোনার জন্য কেউ নেই
কারন নাকি ‘না বলতে নেই ।
রাস্তার উল্টোদিকে দাঁড়াতে নেই ।
We hate spam as much as you do